Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকার রহস্যমৃত্যু: তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে ধৃত পঞ্চায়েত সমিতির সভাপতি

নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করতে বাধা ও তথ্যপ্রমাণ লোপাটে সাহায্য করার অভিযোগে এবার পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিককে পুলিশ গ্রেপ্তার করেছে।

নাবালিকার রহস্যমৃত্যু: তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে ধৃত পঞ্চায়েত সমিতির সভাপতি
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করতে বাধা ও তথ্যপ্রমাণ লোপাটে সাহায্য করার অভিযোগে এবার পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিককে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুব্রত দত্তের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মার্চ মাসে এক নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের লোকজনকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে থানায় অভিযোগ দায়ের করতে বাধা দেওয়া হয়। ঘটনার সঙ্গে পুলিশ পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতির যোগসূত্র খুঁজে পায়। সেই মতো রবিবার পূরবীদেবীকে পুলিশ আটক করে। সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের জেল হেপাজতের নির্দেশ দেন। 

Advertisement

বিষ্ণুপুরের এসডিপিও অঞ্জলি সুগা বলেন, নাবালিকার মৃত্যুর একটি মমলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাত্রসায়রের স্টেশন এলাকার বাসিন্দা রোহিত মল্লিক নামে এক যুবকের সঙ্গে স্থানীয় এক নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। চলতি বছরের মার্চ মাসে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় মৃতের পরিবারের তরফে নাবালিকার প্রেমিক ও তার মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর চেষ্টা করা হয়। ওই যুবকের পরিবার পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতির ঘনিষ্ঠ হওয়ায় অভিযোগ জানাতে বাধা দেওয়া হয়। এমনকি তথ্য প্রমাণ লোপাট করা হয় বলে অভিযোগ। সম্প্রতি মৃতার পরিবারের তরফে পাত্রসায়র থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে নাবালিকার প্রেমিক রোহিত ও তার মা রুম্পাকে রবিবার পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ আত্মহত্যার প্ররোচনার পাশাপাশি পকসো আইনে মামলা রুজু করেছে। তারা বর্তমান জেল হেপাজতে রয়েছে। ওই ঘটনায় তদন্ত করতে গিয়ে পুলিশ পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতির যোগসূত্র খুঁজে পায়। তার ভিত্তিতে সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ