Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলের শিক্ষিকাকে ফোন করে নিজের বিয়ে রুখল নাবালিকা, ছাত্রীর সাহসিকতাকে কুর্নিশ ময়নাগুড়ির

ময়নাগুড়ির শহিদগড় স্কুলপাড়া। সেখানেই চলছিল সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের তোড়জোড়। পড়ুয়ার মা মারা গিয়েছে।

স্কুলের শিক্ষিকাকে ফোন করে নিজের বিয়ে রুখল নাবালিকা, ছাত্রীর সাহসিকতাকে কুর্নিশ ময়নাগুড়ির
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির শহিদগড় স্কুলপাড়া। সেখানেই চলছিল সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের তোড়জোড়। পড়ুয়ার মা মারা গিয়েছে। বাবা বিয়ে করে অন্যত্র সংসার করে। ঠাকুমার কাছেই সে থাকে। হঠাৎই শীতলকুচির এক যুবকের সঙ্গে তার বিয়ে দিয়ে দিচ্ছে ঠাকুমা। বিষয়টি বুঝতে পেরে মঙ্গলবার রাতেই স্কুল শিক্ষিকাকে ফোন করে নিজের বিয়ে রুখল এক নাবালিকা। ঘটনায় ময়নাগুড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে নাবালিকার ঠাকুমা ও শীতলকুচির ওই যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সবিতা চক্রবর্তী ও শঙ্কর বর্মন। সপ্তম শ্রেণির ছাত্রীর সাহসি পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। 

Advertisement

পুলিশ জানিয়েছে, ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের শিক্ষিকা রূপা সরকারের কাছে রাতে হঠাৎ ১৬ নম্বর ওয়ার্ডের ওই ছাত্রীর ফোন আসে। ফোন করে সেই ছাত্রী জানায় যে, ম্যাডাম তাড়াতাড়ি কিছু একটা করুন। আমার বিয়ে দিয়ে দেওয়া হবে রাতেই। ছাত্রীর সেই ফোন পেয়ে এক মিনিটও দেরি না করে দ্রুত স্কুলের অন্যান্য শিক্ষককে বিষয়টি জানান রূপা সরকার। ওয়ার্ডের কাউন্সিলার রিনা বিশ্বাসকেও বিষয়টি জানানো হয়। এরপর কয়েকজন প্রাক্তন ছাত্রকে নিয়ে তাঁরা রওনা হন ময়নাগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে। পাশাপাশি বিষয়টি জানতে পেরে অন্যান্য কাউন্সিলারও ঘটনাস্থলে চলে আসেন। তাঁরা বাড়িতে আসার পর বিপদ বুঝতে পেরে যুবক শঙ্কর বর্মন ওই বাড়ির গোয়ালঘরে লুকিয়ে পড়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় নাবালিকার ঠাকুমাকে।  
রূপা সরকার বলেন, আমাদের স্কুলের ছাত্রীর সাহসিকতাকে আমরা কুর্নিশ জানাই। সে আমাকে ফোন করে জানায় যে রাতেই তাকে বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। সেজন্যই রাতেই ওর বাড়িতে চলে আসি। স্কুল শিক্ষক, স্থানীয় কাউন্সিলার সহ অন্যান্যদের সাহায্যে ছাত্রীকে উদ্ধার করি। ওর মা নেই। বাবা অন্যত্র সংসার করে। ছোট থেকে ঠাকুমার কাছেই মানুষ। সেই ঠাকুমাই তার বিয়ে দিয়ে দিচ্ছিল। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ