Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটের মুড়িগঙ্গায় হবে পাকা সেতু, পরিদর্শনে মন্ত্রী

নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকের মুড়িগঙ্গার উপর বাঁশের সাঁকোর পরিবর্তে গড়ে উঠবে স্থায়ী কংক্রিটের সেতু।

নাদনঘাটের মুড়িগঙ্গায় হবে পাকা সেতু, পরিদর্শনে মন্ত্রী
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকের মুড়িগঙ্গার উপর বাঁশের সাঁকোর পরিবর্তে গড়ে উঠবে স্থায়ী কংক্রিটের সেতু। শুক্রবার এলাকা পরিদর্শন করে জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। স্থায়ী সেতু গড়ে ওঠার খবরে খুশি মুড়িগঙ্গার দুই পাড় নাদনঘাট ও নদীয়ার নবদ্বীপের কালীনগরের বাসিন্দারা। নাদনঘাট থানার সমুদ্রগড় পঞ্চায়েত এলাকায় রয়েছে মুড়িগঙ্গা। ওপারে রয়েছে নদীয়া জেলার নবদ্বীপের কালীনগর গ্রাম সহ একাধিক গ্রাম। এই গ্রামের বাসিন্দাদের ৫০ মিটারের বেশি একটি বাঁশের সাঁকো পেরিয়ে স্কুল, বাজার, হাট সহ চিকিৎসা কেন্দ্র নাদনঘাট থানা এলাকায় আসতে হয়। দীর্ঘদিন ধরে দু’পাড়ের বাসিন্দারা বাঁশের সাঁকোর পরিবর্তে স্থায়ী কংক্রিটের সেতুর দাবি জানিয়ে আসছিলেন। এলাকার বাসিন্দা বিধায়ক মন্ত্রী স্বপন দেবনাথ সেতুর তৈরির জন্য তদারকি শুরু করেন। তিনি সেচমন্ত্রী মানস ভুঁইয়া সহ মন্ত্রী পার্থ ভৌমিকের কাছে আবেদন জানান। তারপরেই ডিপিআর চেয়ে পাঠানো হয়েছে।স্বপনবাবু বলেন, সেতুটি তৈরি হলে দু’পাড়ের কয়েকশো পরিবার উপকৃত হবেন। কৃষি উৎপাদিত ফসল সহ স্কুল, হাট বাজার ও স্বাস্থ্যকেন্দ্রে সহজে যাতায়াত করতে পারবেন বাসিন্দারা। ইতিমধ্যে মুড়িগঙ্গা সংস্কারের কাজ শুরু হয়েছে। মৎস্যজীবী থেকে নদী পারের কৃষি ক্ষেত্রে চাষিরা উপকৃত হবেন।এলাকার বাসিন্দা সনৎকুমার হালদার বলেন, দীর্ঘ বাঁশের সাঁকোটি দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। সাঁকোটি কংক্রিটের হলে দুই বহু পরিবার ঝুঁকিপুর্ণ যাতায়াত থেকে মুক্তি পাবে। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ