সংবাদদাতা, মানকর: কাঁকসা ব্লকের রাজবাঁধ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের দেওয়ালে ফাটল ধরার পাশাপাশি ছাদের চাঙর ভেঙে পড়ছে। এখবর পেয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী প্রদীপ মজুমদার সমস্যা মেটাতে এগিয়ে এলেন। ‘বর্তমান পত্রিকা’য় ওই বিদ্যালয়ের বেহাল দশা নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। মন্ত্রী বলেন, ওই বিদ্যালয়ের ভবন সংস্কারে ১৭লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। তাড়াতাড়ি কাজ করার জন্য টেন্ডার করা হয়েছে। মন্ত্রী এই পদক্ষেপে খুশি ওই স্কুলের পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকরা।
এই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। স্কুলে ৪৩জন পড়ুয়া রয়েছে। এলাকার একটি হোমের ১৪জন এই স্কুলে পড়ে। বাকিরা রাজবাঁধ চটি থেকে আসে। এই স্কুলে দু’জন শিক্ষিকা ও একজন শিক্ষক রয়েছেন। বিদ্যালয় ভবনের বেহাল দশার কারণে পঠনপাঠন ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের বেশিরভাগ কক্ষই ব্যবহারের যোগ্য নেই। সেজন্য মাত্র দু’টি কক্ষেই ছয়টি শ্রেণির ক্লাস হয়। তার মধ্যে একটি কক্ষে অফিস রয়েছে। যদিও এই দু’টি কক্ষের হালও খারাপ। দেওয়ালে ফাটল ধরেছে। বিদ্যালয়ের এক শিক্ষিকা বলেন, আতঙ্কের মধ্যে ক্লাস নিচ্ছি। দেওয়ালে ফাটল। তার পাশেই বোর্ডে লিখতে গিয়ে ভয় করে। এক অভিভাবক বলেন, ক্লাস চলাকালীন বেশ কয়েকবার সাপ বেরিয়েছে। কয়েকদিন স্কুল বন্ধ থাকলে পরে শ্রেণিকক্ষ খুলতে গিয়ে সাপ নজরে পড়ে। আশা করছি, মন্ত্রীর উদ্যোগে এবার সমস্যা মিটবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব সাহা বলেন, এলাকায় পড়াশোনার জন্য এই বিদ্যালয়ের সুনাম রয়েছে। কিন্তু ভবন বেহাল থাকায় অনেক অভিভাবকই এখানে পড়ুয়াদের পাঠাতে চাইতেন না। আশা করছি, মন্ত্রী উদ্যোগী হওয়ার পর সেই সমস্যা মিটবে। পড়ুয়ার সংখ্যাও বৃদ্ধি পাবে। মন্ত্রী বলেন, বিদ্যালয় ভবনের দশা খুব খারাপ না হলে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার কথা আমাদের কাছে পৌঁছয় না। এটা দুঃখের ব্যাপার। ওখানে আমি নিজে গিয়েছিলাম। পরিকাঠামো উন্নয়ন করতে হবে।