Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে মৎস্য বাজারের উদ্বোধন মন্ত্রীর

শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের ডেলি মার্কেটে মৎস্য বাজারের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।

দুর্গাপুরে মৎস্য বাজারের উদ্বোধন মন্ত্রীর
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের ডেলি মার্কেটে মৎস্য বাজারের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ওই মৎস্য বাজারের নাম দেওয়া হয়েছে, আহারি মৎস্য বাহারি মৎস্য। ওইদিন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে খোলা আকাশের নীচে ছিল ওই মৎস্য বাজারটি। রোদ, ঝড় ও বৃষ্টিতে মৎস্য বিক্রেতা সহ ক্রেতারা দুর্ভোগের শিকার হতেন। দীর্ঘদিন ধরে ওই বাজারের পাকাপোক্ত স্টল করার দাবি ছিল ব্যবসায়ী সহ এলাকাবাসীর। পুরসভা গ্রিন সিটি মিশন প্রকল্পে মাছ বাজারটিতে কংক্রিটের স্টল নির্মাণের কাজ শুরু করে। কিন্তু, গ্রিন সিটি মিশন প্রকল্পর বরাদ্দ অর্থ হঠাৎই দেওয়া বন্ধ হয়ে যায়। নির্মাণ কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকে বছরের পর বছর। চলতি বছরে পুরসভা নিজের অর্থ খরচ করে স্টলগুলির নির্মাণ কাজ সম্পূর্ণ করে। প্রায় ৪৫ লক্ষ টাকা খরচে একই ছাদের নীচে ২৭টি স্টল গড়ে তোলা হয়েছে। এর মধ্যে ২২টি স্টলে মাছের দোকান, তিনটি স্টলে মুরগি এবং দু’টি স্টলে খাসির মাংস পাওয়া যাবে। চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, আহারি মৎস্য বাহারি মৎস্য বাজারে একই ছাদের তলায় ক্রেতারা রকমারি মাছ ও মাংস কিনতে পারবেন। এছাড়াও এখানকার ব্যবসায়ীরা স্থায়ী পরিকাঠামো পেয়ে খুশি হয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ