নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধুই এটিএম কার্ড নয়। অটোমেটিক ক্লেম সেটলমেন্ট সহ গ্রাহক পরিষেবায় গুচ্ছ পরিবর্তনের আশ্বাস। প্রতিশ্রুতিও। কিন্তু সেই ইপিএফও ৩.০ নিয়ে রীতিমতো দিশাহারা শ্রমমন্ত্রকই। কোনও উন্নততর পরিষেবা মে মাসে চালু করা সম্ভব নয়। সেক্ষেত্রে ভরসা জুন মাস। এই পরিস্থিতিতে ইপিএফও আধিকারিকদের একটি অংশের আশঙ্কা, তাদের মুখ পুড়তে চলেছে। কারণ ঘোষণামতো নির্ধারিত সময়সীমার মধ্যে পরিষেবা চালু করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর গালভরা ঘোষণা ছিল, মে মাসে ইপিএফ এটিএম কার্ড আসছে। মন্ত্রী আরও বলেছিলেন, ইপিএফের কোনও ক্লেম সেটলমেন্টের জন্য আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। নির্দিষ্ট কয়েকটি প্রক্রিয়া মেনে আবেদন করলেই তা ‘অটো সেটলড’ হয়ে যাবে। কিন্তু সেসব আপাতত অন্ধকারেই।



