দুর্গাপুরে বেশ সাড়া ফেলল ‘গল্পে আড্ডায় ইনভেস্টমেন্টের ম্যাজিক মন্ত্র’
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: আদিত্য বিড়লা সানলাইফ মিউচুয়াল ফান্ড ও ‘বর্তমান’ এর উদ্যোগে আয়োজিত ‘গল্পে আড্ডায় ইনভেস্টমেন্টের ম্যাজিক মন্ত্র’ সাড়া ফেলল দুর্গাপুরে। দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি রেসিডেন্সিতে আয়োজিত এই অনুষ্ঠানে মিউচুয়াল ফান্ডে অভিজ্ঞদের সঙ্গে সাধারণ মানুষের আলাপচারিতায় উঠে এল বিনিয়োগের নানা পরিকল্পনা। শনিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা চক্রের পাশাপাশি দর্শকদের জন্য ছিল কুইজ। অনুষ্ঠান শেষে গান, খাওয়াদাওয়া ও আড্ডা উপস্থিত সকলের মন জয় করে নেয়। 

Advertisement

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে দুর্গাপুর, বর্ধমান বা আসানসোলের মানুষ যে যথেষ্ট স্মার্ট, আলোচনায় তা উঠে এসেছে। দর্শকাসনে বসে বিভিন্ন পেশার মানুষ বিনিয়োগ খুঁটিনাটি জানতে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিজ্ঞ প্যানেলিস্টদের উদ্দেশে। সহজভাবে তা বুঝিয়ে দিয়েছেন তাঁরা। 
কুইজ প্রতিযোগিতার মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা হয়। পরের পর্বে বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন মহম্মদ আমির সুলেমান। তাঁর প্রারম্ভিক বক্তৃতায় অনুষ্ঠানের মূল সুর গাঁথা হয়ে যায়। অভিজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তরুণ রায়চৌধুরী, মলয় দে ও আশুতোষ বন্দ্যোপাধ্যায়। চারজন মিলে মিউচুয়াল ফান্ড নিয়ে প্যানেল ডিসকাশন চলে। আশুতোষবাবু বলেন, সাত বছর আট মাস বা তার বেশি কোনো ফান্ডে বিনিয়োগ করলে অবশ্যই ভাল লাভ করবেন বিনিয়োগকারী। মলয়বাবু বলেন, শেয়ার মার্কেট যখন ডাউন থাকে তখনই বেশি পরিমাণ বিনিয়োগ করা উচিত। তখন যাঁরা বিনিয়োগ করেন তাঁরাই বেশি মুনাফা পান। রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্নের উপর তরুণবাবু জোর দেন। অনুষ্ঠানের মূল বক্তা মহম্মদ আমির সুলেমান বিনিয়োগে মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে সেইলের কর্মচারী, ব্যবসায়ী থেকে শুরু করে মহিলারাও উপস্থিত ছিলেন।  ছবি: উত্তম সামন্ত