নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক কোম্পানির নম্বর থেকে অন্য কোম্পানির নম্বরে কল যাওয়ার ব্যবস্থায় বড়ো বদল আনল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই। প্রকাশিত হয়েছে ‘টেলিকমিউনিকেশন ইন্টারকানেকশন পোর্ট চার্জেস থার্ড অ্যামেন্ডমেন্ট রেগুলেশনস, ২০২৬’। এই নিয়ম কার্যকর হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে। এতদিন ইন্টারকানেকশন হত লং ডিসট্যান্স চার্জিং এরিয়া আর শর্ট ডিসট্যান্স চার্জিং এরিয়া স্তরে। এবার তা বদলে যাচ্ছে লাইসেন্সড সার্ভিস এরিয়া, অর্থাৎ সার্কেল স্তরে। পুরানো পয়েন্ট অব ইন্টারকানেকশনের ট্রাফিক তিন বছরের মধ্যে ধাপে ধাপে নতুন ব্যবস্থায় সরিয়ে নিতে হবে। নতুন সব ইন্টারকানেকশনই হবে আইপিভিত্তিক।
এই রদবদলে গ্রাহকের সুবিধা কী? ট্রাই জানাচ্ছে, এতে গ্রাহকের বিলে সরাসরি প্রভাব পড়বে না। কারণ, পোর্ট চার্জ হল এক কোম্পানি থেকে আরেক কোম্পানিকে দেওয়া টাকা। গ্রাহকের মাসিক রিচার্জের সঙ্গে এর সম্পর্ক নেই। তবে নতুন ব্যবস্থায় পরিষেবার উন্নতি হবে বলে দাবি।এখন অনেক ছোটো ছোটো পয়েন্টে কল হাতবদল হয়, এবার বড়ো সার্কেল স্তরে হাতবদল হবে। রাউটিং সহজ হলে কল সেট-আপ টাইম কমবে, রিং হতে দেরি কম হবে।
কল ড্রপ বা কথা বলতে বলতে ফোন কেটে যাওয়াও কমবে। পুরানো টিডিএম লাইনের বদলে আইপিভিত্তিক সংযোগ হলে ভয়েস আরও পরিষ্কার হবে, বিশেষ করে জিও থেকে এয়ারটেল, ভি থেকে বিএসএনএল—এই ধরনের ক্রস-নেটওয়ার্ক কলে। কোনো কোম্পানি ইচ্ছা করে ইন্টারকানেকশন দিতে দেরি করলে এখন দিনে ১-২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে তাকে। এর অঙ্ক সর্বোচ্চ এক কোটি টাকা। আইপিভিত্তিক পরিষেবা হলে ভয়েসের সঙ্গে ভিডিয়ো কল, ভোল্টি, ওয়াই-ফাই কলিংয়ের মতো পরিষেবা আরও সহজে চলবে। এক কথায়, দামে সরাসরি প্রভাব নেই। কিন্তু অন্য নেটওয়ার্কে কল করার সময় যে দেরি, আটকে যাওয়া, কল কেটে যাওয়ার সমস্যা হয়, নয়া নিয়মে তা ধীরে কমার কথা। পুরো বদল হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পরের তিন বছরে ধাপে ধাপে।



