বেলাগাম মূল্যবৃদ্ধি, বাড়িতে তৈরি নিরামিষ থালির খরচ বাড়ল ১২%
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উর্ধ্বমুখী। বাজারে গিয়ে খাদ্যপণ্যের আগুন দামে রীতিমতো ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত। ফলে হেঁশেল সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বাড়িতে দৈনন্দিন খাওয়া-দাওয়ার ব্যয় বেড়েছে লাফিয়ে। এরই মধ্যে বাড়িতে তৈরি প্রতি থালা আমিষ ও নিরামিষ খাবারের খরচ নিয়ে নতুন পরিসংখ্যান প্রকাশ করল সমীক্ষক সংস্থা ক্রিসিল। ওই সংস্থার মাসিক ‘রোটি রাইস রিপোর্ট’ বলছে, গত বছরের তুলনায় এবছরের অক্টোবরে নিরামিষ থালির খরচ বেড়েছে ১২ শতাংশ। আমিষ থালির ক্ষেত্রে এই বৃদ্ধির হার ৯ শতাংশ। পেঁয়াজ, টম্যাটো, রসুন, আদা, ভোজ্য তেল, চাল ও রান্নার গ্যাসের উর্ধ্বমুখী দামের কারণেই এই বৃদ্ধি বলে জানিয়েছে সমীক্ষক সংস্থা। 

Advertisement

উল্লেখ্য, মুল্যবৃদ্ধির প্রতিফলন দেখা যাচ্ছে মোদি সরকার কর্তৃক প্রকাশিত প্রতিবেদনেও। খাদ্যপণ্যের অগ্নিমূল্যের জেরে অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাংকের ঘোষিত সহনশীলতার সীমা ছাড়িয়ে গিয়েছে। গত মাসে এই হার ছিল ৬.০৯ শতাংশ, যা গত দুবছরের মধ্যে সর্বোচ্চ। এক্ষেত্রে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি ছিল ৮.৯৪ শতাংশ। ক্রিসিলের সমীক্ষা অনুসারে, গত বছরের অক্টোবর মাসে বাড়িতে নিরামিষ থালি তৈরিতে খরচ হতো ২৭ টাকা ৮০ পয়সা। চলতি বছরের অক্টোবরে সেই খরচ বেড়ে হয়েছে ৩১ টাকা ২০ পয়সা। আমিষ থালির ব্যয় ৫৪ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫৯ টাকা ২০ পয়সা। 
ক্রিসিলের প্রতিবেদন বলছে, পেঁয়াজের দাম দ্বিগুনের বেশি হয়ে প্রতি কেজি ৫৩ টাকায় পৌঁছেছে। রবি মরশুমে উৎপাদন হ্রাস ও খারিফ ফসল বাজারে আসতে দেরি হওয়াতেই এই দামবৃদ্ধি বলে জানিয়েছে তাঁরা।  টম্যাটোর দাম বেড়েছে ৬ শতাংশ। চালের দামের বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ। পশ্চিম এশিয়ায় সংঘর্ষ সহ একাধিক কারণে ভোজ্য তেলের দামও গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে। তবে মুরগি ও ডিমের দাম কিছুটা স্থিতিশীল থাকায় আমিষ থালির দাম খুব একটা বাড়েনি। একইভাবে উৎসবের মরশুমে ভারতের একটা বড়ো অংশের লোক আমিষ না খাওয়ার জন্যও গত মাসের তুলনায় এই খাবারের থালির দাম ২ শতাংশ কমেছে।