ভারত ও আমেরিকা বাণিজ্যচুক্তি শেষপর্যায়ে: বিদেশমন্ত্রী জয়শঙ্কর
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শীঘ্রই ভারত ও আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়ে যাবে। শুল্কসহ যে সব বিষয়গুলিতে দুই দেশের মতভেদ ছিল না, বেশিরভাগ ক্ষেত্রেই ঐক্যমত্যে আসা গিয়েছে। শনিবার একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, বাণিজ্যচুক্তিতে প্রতিযোগী দেশগুলির থেকে বেশি শুল্ক ছাড় পাবে ভারত। জয়শঙ্কর বলেন, ‘আমরা বাণিজ্যচুক্তির শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এটা আর কোনো গোপন বিষয় নয়। আশা করছি, খুব শীঘ্রই দুই দেশের মধ্যে চুক্তি হবে। আমরা শুল্কের তালিকা ধরে ধরে আলোচনা করেছি। স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়া কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।’ তিনি আরও বলেছেন, ‘বাণিজ্যচুক্তিতে প্রতিযোগী দেশগুলির তুলনায় বেশি সুবিধা আদায় করাই আমাদের লক্ষ্য।’ অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমেরিকা প্রতিযোগী দেশগুলির তুলনায় অতিরিক্ত সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে। এখন দেখা যাক চূড়ান্ত বাণিজ্যচুক্তিতে কী শুল্ক কাঠামো থাকে।’ তিনি আরও জানান, আমেরিকার অফিস অব ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটিভের দ্বিতীয় রিপোর্টের উপর অনেক কিছুই নির্ভর করে রয়েছে। চলতি আর্থিক বছরের মধ্যেই আমেরিকার প্রাথমিক বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেছেন ওই আধিকারিক।

Advertisement