ছোটো ব্যবসায়ীদের পণ্য রপ্তানির উদ্যোগ, সুবিধা পাবে পশ্চিমবঙ্গও
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের ছোটো ও মাঝারি ব্যবসা, অর্থাৎ এমএসএমই-কে রপ্তানির বাজারে তুলে আনতে ই-কমার্সের নিয়মকানুন আরও শিথিল করতে চলেছে কেন্দ্র। ছোটো বা ক্ষুদ্র ব্যবসা থেকে উঠে আসা পণ্যকে বিদেশের বাজারে বিক্রি করার জন্য প্রতিটি রাজ্যে আছে এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক ওই কাউন্সিলগুলির সঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক স্তরের ই-কমার্স সংস্থাগুলির নিবিড় সম্পর্ক তৈরি করতে চাইছে। তার জন্য যে প্রশাসনিক ও আইনি জটিলতা আছে, তা মিটিয়ে ফেলা হবে বলে জানা গিয়েছে। এর ফলে সরাসরি ওই ই-কমার্স সংস্থাগুলির হাত ধরে প্রান্তিক শিল্পী বা ছোটো সংস্থার পণ্য বিদেশের মাটিতে বিক্রি হবে।  পাশাপাশি ই-কমার্সে রপ্তানির নিয়মও শিথিল করা হবে। মনে করা হচ্ছে, এই উদ্যোগে অনেকটা সুবিধা পেতে পারে পশ্চিমবঙ্গ। কারণ, এ রাজ্যে বড়ো শিল্পের চেয়ে ছোটো ক্লাস্টারই বেশি। তাঁত, হস্তশিল্প, চর্মশিল্প, চা, মশলা, গয়না প্রভৃতির উৎপাদন ও বিক্রির উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গের বহু মানুষ। এতদিন নিয়মের জটিলতায় সেই পণ্য বিদেশে পৌঁছাতে পারত না বা কম পৌঁছাত। এবার সেই দরজা আরও বড়ো করে খুলে যেতে চলেছে। 

Advertisement

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ই-কমার্সের হাত ধরে আঞ্চলিক পণ্যের বাজার বাড়াতে সাম্প্রতিককালে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সম্প্রতি বিদেশি বিনিয়োগে চলা ই-কমার্স সংস্থাগুলিকে শুধুমাত্র রপ্তানির জন্য এদেশে ইনভেন্টরি-ভিত্তিক মডেল চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে রপ্তানির ক্ষেত্রে প্রতি কনসাইনমেন্টে ১০ লক্ষ টাকার ঊর্ধ্বসীমা ছিল। সেটি তুলে দেওয়া হয়েছে। এতে ছোটো ব্যবসা, কারিগর ও ছোটো স্টার্টআপ সংস্থা ই-কমার্সের মাধ্যমে সহজে বিশ্ববাজারে পৌঁছাতে পারবে। ৩ লক্ষ টাকা পর্যন্ত রপ্তানি কনসাইনমেন্টের জন্য আরসিএমসি বা রেজিস্ট্রেশন-কাম-মেম্বারশিপ সার্টিফিকেটের বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। সর্বশেষ জিএসটি কাউন্সিলের বৈঠকে সরলীকৃত রেজিস্ট্রেশন ব্যবস্থা  চালু করা হয়েছে। এর ফলে ছোটো ব্যবসায়ীরা রাজ্যের বাইরের ই-কমার্স সংস্থার গুদামঘরকে তাদের ব্যবসার ঠিকানা হিসাবে ব্যবহার করতে পারবে। এই নিয়ম আগে না থাকায় রাজ্যের বাইরে পণ্য বিক্রি করতে সমস্যায় পড়ত ছোটো সংস্থাগুলি। সেই সমস্যা কেটেছে। এবার দেশের বাইরেও একেবারে আঞ্চলিক স্তরের পণ্য পৌঁছে যাবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, জেলায় জেলায় যাতে ই-কমার্স সংস্থাগুলির সঙ্গে ছোটো উদ্যোগপতিদের সমন্বয় তৈরি করা যায়, তার জন্য এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলকে কাজে লাগাবে বাণিজ্যমন্ত্রক।