নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সবেমাত্র ছ’মাস হল বাংলায় নতুন সরকার ক্ষমতায় এসেছে। তার মধ্যেই বিজেপির উপরে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ। ফলে মানুষ এখন এই সরকারকে তাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে। আজ, মঙ্গলবার ঝাড়গ্রামের লালগড়ে জনসভা থেকে ঠিক এই ভাষাতে বিজেপিকে আক্রমণ করেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
তিনি বলেন, ‘কয়েক মাস আগেই যাঁরা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, তাঁরাই এখন তাদের তাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছেন। জেলার হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড ও চিকিৎসক নেই। গুরুতর রোগীদের কথায় কথায় বাইরে রেফার করা হচ্ছে। চিকিৎসা পরিষেবার অভাবে অনেকের মৃত্যু হচ্ছে।’ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও বিজেপিকে নিশানা করে বলেন, ‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে জিনিসপত্রের দাম কমবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তার উল্টো ছবি দেখা যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বাড়ছে। জেলায় বালি ব্যবসাকে কেন্দ্র করে সিন্ডিকেট রাজ চলছে।’
সিপিএম এবং ডিওয়াইএফআই কর্মী-সমর্থকরা এদিন আমডাঙা গ্রাম থেকে লালগড় থানা সংলগ্ন এলাকার শেষপ্রান্ত পর্যন্ত মিছিল করেন। মিছিলে পা মেলান মীনাক্ষী। মিছিল শেষে বিকেল তিনটের সময় আমডাঙা এলাকায় জনসভা করা হয়। সিপিএমের ঝাড়গ্রাম জেলা সম্পাদক প্রদীপ কুমার সরকার, ডিওয়াইএফআইয়ের রাজ্য সহসম্পাদক সুনীল মাহাতো সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।