Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার কার্ডে মোবাইল লিঙ্ক না থাকায় ওটিপি অমিল, ইনিউমারেশন ফর্ম পূরণে সমস্যায় পরিযায়ী শ্রমিকরা

অনলাইনে ইমিউমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে মুর্শিদাবাদের হাজার, হাজার পরিযায়ী শ্রমিক সমস্যায় পড়েছেন।

ভোটার কার্ডে মোবাইল লিঙ্ক না থাকায় ওটিপি অমিল, ইনিউমারেশন ফর্ম পূরণে সমস্যায় পরিযায়ী শ্রমিকরা
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: অনলাইনে ইমিউমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে মুর্শিদাবাদের হাজার, হাজার পরিযায়ী শ্রমিক সমস্যায় পড়েছেন। পরিযায়ী শ্রমিকদের একাংশের অভিযোগ, অনলাইনে ফর্ম ফিল-আপের পোর্টাল খুললেও ভোটার কার্ড (এপিক কার্ড) অথবা আধার কার্ডে মোবাইল লিঙ্ক না থাকায় ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসছে না। ফলে  ইমিউমারেশন ফর্ম পূরণ করতে না পারায় পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে ভুগছেন। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ইমিউমারেশন ফর্ম ফিল-আপের বিষয়টি আরও সহজ করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল রাজ্য পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। 

Advertisement

সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন, পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে মোবাইল নম্বর বদলান। ফলে এপিক আধারের সঙ্গে অনেকেরই মোবাইল লিঙ্ক নেই। অনেকেই অশিক্ষিত ও প্রযুক্তিতে অদক্ষ। তাই এসআইআর-এর ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের আলাদাভাবে দেখা হোক বলে নির্বাচন কমিশনে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছি। কমিশন ফোন করে আশ্বস্ত করেছেন। 
সরকারি হিসাব অনুযায়ী, মুর্শিদাবাদের পাঁচ লাখের বেশি পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে বা দেশের বাইরে রয়েছেন। বেসরকারি হিসেবে এই সংখ্যা আট লক্ষেরও বেশি। গত ৪ নভেম্বর থেকে ইমিউমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। ভিনরাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা অনলাইনে ফর্ম ফিল-আপ করতে পারবেন বলে নির্বাচন কমিশন আগেই স্বীকৃতি দিয়েছে। কিন্তু বর্তমানে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক অনলাইনে ফর্ম পূরণের সময় প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত  কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন।
অনলাইন ফর্ম পূরণের জন্য ভোটার আইডির সঙ্গে মোবাইল নম্বর ও আধার সংযুক্ত থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে বহু পরিযায়ী শ্রমিকের মোবাইল নম্বর আধার বা এপিকের সঙ্গে সংযুক্ত নেই। ফলে তাঁরা ওটিপি পেতে পারছেন না। তার জেরে পোর্টালে লগ-ইন করতেই পারছেন না তাঁরা। ফলে এসআইআর নিয়ে এসব পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক কাজ করছে। বর্তমানে কর্মসূত্রে মহারাষ্ট্রে রয়েছেন ভগবানগোলার বাসিন্দা জাকির আলি। তিনি বলেন, চারদিন ধরে চেষ্টা করেও পোর্টাল খুলতে পারিনি। জানি না কী হবে। জানি না তালিকা থেকে নাম বাদ যাবে কি না।  
পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের দাবি, এসআইআর প্রক্রিয়া সরলীকরণ করা হোক বা ভিন রাজ্যে বিশেষ সহায়তা কেন্দ্র গঠন করা হোক। যাতে পরিযায়ী শ্রমিকরা অনলাইন ফর্ম পূরণের ক্ষেত্রে সাহায্য পেতে পারেন। কেন্দ্রের ই-শ্রম কার্ড বা রাজ্যের শ্রমিক কার্ডকে ভোটার নিবন্ধন ও যাচাইয়ের বিকল্প পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি দেওয়ারও আবেদন জানানো হয়েছে। 
উড়িষ্যায় রয়েছেন লতিব শেখ। তিনি বলেন, আধার, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই আমার। এই পরিস্থিতিতে ভিনরাজ্যে বসে কী করব কুল কিনারা পাচ্ছি না। আবার বাড়ি ফিরেও যেতে পারছি না। ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ