নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে জয়ের মুখ দেখল এফসি মেদিনীপুর। শনিবার বেঙ্গল সুপার লিগে কোপা টাইগার্স বীরভূমকে ১-০ গোলে বশ মানাল তারা। অরবিন্দ স্টেডিয়ামে ম্যাচের ৪৭ মিনিটে একমাত্র লক্ষ্যভেদ অর্পণ শেঠের। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়লেও কিছুই বলার থাকত না। এদিন চড়া মেজাজের ম্যাচে ৭টি হলুদ কার্ড দেখান রেফারি। জয়ের পর জয়ন্ত সেনের মেদিনীপুর ফ্র্যাঞ্চাইজি স্বস্তি পেলেও বীরভূমের দুর্দশা অব্যাহত। বেঙ্গল সুপার লিগে এখনও জয়হীন তারা। ৫ ম্যাচে পয়েন্ট মাত্র ১।
অন্যদিকে নৈহাটিতে সুন্দরবন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আটকে গেল উত্তর ২৪ পরগনা এফসি। ৪৭ মিনিটে আকিব নবাবের গোলে লিড নেয় মেহতাব হোসেনের সুন্দরবন। প্রতিটি ম্যাচেই নজর টানছেন আকিব। দ্বিতীয়ার্ধে ম্যাচের সংযোজিত সময়ে উত্তর ২৪ পরগনাকে সমতায় ফেরান জোমুয়ানসাঙ্গা। তিনিই ম্যাচের সেরা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট লিগে আপাতত লিগ শীর্ষে সুন্দরবন। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নর্থ বেঙ্গল এফসি’র মুখোমুখি হোসে রামিরেজ ব্যারেটোর হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। এই মুহূর্তে লিগ তালিকায় তৃতীয় স্থানে তারা।