ক্ষুদ্রঋণ প্রকল্পগুলিই ভালো সিবিল  স্কোরের সুযোগ করে দিচ্ছে, দাবি
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একেবারে ছোটো ব্যবসায় উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার ‘মুদ্রা’ যোজনা চালু করে। এই প্রকল্পের আওতায় সরাসরি ব্যাংক থেকে অতি সহজ শর্তে ঋণ দেওয়া হয়। এই প্রকল্পে ঋণ পেতে সাহায্য করছে ক্ষুদ্রঋণ প্রকল্প বা মাইক্রো ফিনান্স। এমনটাই দাবি করল মাইক্রো ফিনান্স সংস্থাগুলির সংগঠন অ্যামফি ওয়েস্ট বেঙ্গল। সংগঠনের কর্তাদের বক্তব্য, সরকারি ঋণ প্রকল্পের সুবিধা পেতে সিবিল বা সমতুল স্কোরের দরকার হয়। ঋণ শোধের ক্ষমতা বা সদিচ্ছা কতটা, তার মাপকাঠি বিচার করা হয় ওই স্কোরের মাধ্যমে। 

Advertisement

এদিকে রাজ্যের একবারে প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে যেসব ক্ষেত্রে মহিলারা ব্যাংকের মাধ্যমে ঋণ পান না, তাঁরা মাইক্রো ফিনান্স সংস্থাগুলি থেকে ঋণ নেন। সেখানে যথাযভাবে ঋণ পরিশোধ করে তাঁরা সিবিল বা সমতুল স্কোর জোরালো করেন। এরপরই তাঁরা সরকারি ঋণ প্রকল্পগুলির সুযোগ নিতে পারেন। 
সংগঠনের অন্যতম কর্তা অলোক বিশ্বাস বলেন, করোনা-পরবর্তীকালে মানুষের হাতে কাজ ছিল না। যাঁরা ক্ষুদ্র ঋণ নিয়েছিলেন, তাঁদের অনেকেই তা মেটাতে পারেননি। অনাদায়ী ঋণের হার পৌঁছে গিয়েছিল ২১ শতাংশে। বর্তমানে এক হাজার জনের মধ্যে ৯৯৬ জন যথাসময়ে ঋণ পরিশোধ করছেন। এই সাফল্যই তাঁদের সহজ শর্তের ঋণের সুবিধা পেতে সাহায্য করছে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারও স্বীকার করছে, প্রান্তিক এলাকায় ব্যবসায়িক প্রসারে ক্ষুদ্রঋণের বিকল্প নেই। সেই কারণেই মাইক্রো ফিনান্স সংস্থাগুলির জন্য ক্রেডিট গ্যারেন্টি স্কিমের আওতায় আলাদা করে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 
সংগঠনের অপর কর্তা গণেশচন্দ্র মোদক বলেন, আগে গ্রাহকপিছু সর্বোচ্চ তিন লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ দেওয়া যেত। ঋণ সুরক্ষিত করতেই রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ২০২৫ সালে নিয়ম আনে, সর্বোচ্চ ২ লক্ষ টাকা ঋণ দেওয়া যাবে। এই নিয়মের কারণে প্রাথমিকভাবে ধাক্কা খায় ঋণের অঙ্ক। এরাজ্যে ২০২৫-২৬ অর্থবর্ষ শেষে অ্যামফি ওয়েস্ট বেঙ্গল সদস্যদের আওতায় থাকা সংস্থাগুলির ঋণের অঙ্ক দাঁড়ায় ২২,৩৫৩ কোটি টাকায়। ওই অর্থবর্ষেই ৯ মাস আগে জুনে তা ছিল ২৪,৩০২ কোটি টাকা। গণেশবাবুর কথায়, ক্ষুদ্রঋণের চাহিদা এতই বেশি, আরবিআইয়ের শর্ত সত্ত্বেও ২০২৬-২৭ অর্থবর্ষের জুনে ২৩,৫৬২ কোটি টাকায় পৌঁছেছে ক্ষুদ্রঋণের অঙ্ক। আমাদের আশা, আগামী অর্থবর্ষে ১৮ থেকে ২০ শতাংশ ব্যবসা বাড়বে। তাঁরা জানান, ৪ ডিসেম্বর বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে তাঁদের পূর্বাঞ্চলীয় সভায় ঋণের প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হবে, যেখানে আমন্ত্রিত রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়।