সংবাদদাতা, কাটোয়া: মৃতপ্রায় তাঁতশিল্পে প্রাণের সঞ্চার ঘটাচ্ছেন মহিলারা। হেঁশেল সামলেও ঠকঠকি আওয়াজ তুলে শাড়িতে নকশা তুলছেন। আর পুরুষরা ভিনরাজ্যে ছেঁড়া চুলের ব্যবসা করছেন। পূর্বস্থলীর মিসবাপুর গ্রামের এটাই এখন চিত্র। কয়েক দশকে তাঁতশিল্পের প্রসার অনেকটাই কমেছিল। যে কারণে তাঁত ছেড়ে পুরুষরা ভিন্ন পেশা বেছে নিয়েছেন। তবে এখন সেই বাড়ির মহিলারাই তাঁতশিল্পের প্রসার ঘটাচ্ছেন। ভিন রাজ্যের ক্রেতাদের হাতে পৌঁছচ্ছে মহিলাদের বোনা তাঁতের শাড়ি। পূর্বস্থলী-২ ব্লকের মাজিদা পঞ্চায়েতের মিসবাপুর, লক্ষ্মীপুর এসব গ্রামগুলিতে একটা সময় তাঁতের বড়ো বাজার ছিল। প্রতিটি ঘরে হস্তচালিত তাঁতযন্ত্র রয়েছে। সুনাম ছিল ওই অঞ্চলের তাঁতের শাড়ির। করোনা পর্বে সেসব প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারপর পাওয়ারলুমের দাপট আর সুতোর দাম বৃদ্ধিতে হস্তচালিত তাঁতের বাজার এক্কেবারে শেষ হয়ে গিয়েছিল। পুরুষদের অধিকাংশ কেরলমুখী হয়েছেন। তাঁদের অধিকাংশ সেখানে ছেঁড়া চুলের ব্যবসা করেন। তবে মহিলাদের চেষ্টায় গ্রামে তাঁতের কাজের জোয়ার এসেছে। গ্রামের বধূ জাহিদা বিবি, ফরিদা বিবি, আজিদা বিবি বলছেন, তাঁত শিল্পটা পুরো শেষ হয়ে গিয়েছিল। আমাদের স্বামীরা এখন পেটের দায়ে ভিন রাজ্যে শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছেন। আমরা বাড়িতে শুধু বসে থাকব কেন? তাই সংসার সামলে তাঁতঘরে আসি। এখন রেশম সূতোর দাম বেড়ে গিয়েছে। আগে এক কেজি রেশম সূতোর দাম ছিল ৪৫০০-৪৬০০ টাকা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০০ টাকা। তাও এখন আমাদের মহাজনদের জামদানি শাড়ি বিক্রি করতে হচ্ছে ২৫০০-২৮০০ টাকায়। যেটা বাজারে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় অনায়াসে বিক্রি হয়। আমাদের এটা বলতেও লজ্জা লাগে, কিন্তু কী করব? জামদানি বুনে সপ্তাহে পাঁচশ টাকা মজুরি পাই। তবুও সংসারটা চলে যাচ্ছে।



