আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলার স্টলে দেড় লাখি মাদুর দেখতে ভিড় আমজনতার, কালিম্পংয়ের কফি, আয়ুর্বেদিক তেলের চাহিদাও তুঙ্গে
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: দেড় লাখি মাদুর! দিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গের প্যাভিলিয়নে এবারে অন্যতম চমক এই মাদুর। সবংয়ের বাসিন্দা জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাদুর শিল্পী অলোককুমার জানার স্টলে তা দেখতে উপচে পড়ছে ভিড়। স্টলে রকমারি মাদুর দেখাতে দেখাতে অলকবাবু বলছিলেন, ‘মাদুর শিল্প আমরা বংশপরম্পরায় করে আসছি। আমি ১০-১২ বছর বয়স থেকেই এই শিল্পের সঙ্গে যুক্ত।’

Advertisement

যে দেড় লাখি মাদুর দেখতে এত ভিড়, তাতে হাত বোলালে আক্ষরিক অর্থেই মনে হবে, কোনো মসলিন কাপড় বুঝি! এতই সূক্ষ্ম কাজ। শুধু তাই নয়, ওই মাদুরে ফুটে উঠেছে পরিবেশ সচেতনতার বার্তাও। মাদুর কাঠি দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে সূর্য, গাছ, জলের ছবি। কেন এত দাম? অলকবাবু বলেন, ‘শুধু কারুকার্য নয়, এর আসল মূল্য পরিশ্রমের কারণে। সাধারণ মাদুর কাঠি ব্যবহার করে এটি তৈরি হয়েছে। একটি মাদুর বুনতে সময় লেগেছে প্রায় সাত থেকে আট ঘণ্টা।’ তবে দেড় লাখি মাদুর দেখতে ভিড় জমালেও এর ক্রেতা স্বাভাবিক কারণেই কম। অলোকবাবুর স্টলে অবশ্য ৫০ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত সামগ্রী। কম দামের মাদুরের বিক্রি অবশ্য মন্দ নয়, দাবি শিল্পীর। 
মাদুরের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্যাভিলিয়নে এবার ‘হট কেক’ কালিম্পং থেকে আসা রকমারি অর্গানিক কফি এবং আয়ুবের্দিক তেলের সম্ভার। রাজ্যের হর্টিকালচার দপ্তরের অন্তর্গত কালিম্পংয়ের এই ‘ডিরেক্টরেট অব সিনকোনা অ্যান্ড আদার মেডিসিনাল প্ল্যান্টস’ এবছর প্রথম অংশগ্রহণ করল দিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। কৃষি সহায়ক পেম্বা তামাং বলেন, ‘ছ’রকমের কফি রয়েছে এখানে। রয়েছে গ্রিন কফিও। প্রতিটি কৌটো ৭০ থেকে ৮০ গ্রামের। দাম ২০০ টাকার মধ্যে।’ আয়ুর্বেদিক তেল রয়েছে চার ধরনের। দাম সাড়ে ৩০০ টাকার মধ্যে। এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গের প্যাভিলিয়নে স্টলের সংখ্যা ৩১টি। মেলা শেষ হবে আজ, শুক্রবার।