নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মী সংখ্যা ও পরিষেবার মধ্যে সামঞ্জস্য রাখতে ডাকঘরের সংখ্যা কমিয়ে ফেলার নীতিগত সিদ্ধান্ত আগেই নিয়েছিল ডাক বিভাগ। এবার তা কার্যকর হতে চলেছে বারাসত ডিভিশনে। ২৪টি শাখা ডাকঘরকে তাদের মূল পোস্ট অফিসের সঙ্গে মিশিয়ে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। শুধু বারাসত নয়, গোটা রাজ্যেই এই ব্যবস্থা চালু হচ্ছে বলে খবর। এর ফলে গ্রাম ও শহরতলির বহু ছোটো ডাকঘর বন্ধ হয়ে বড়ো ডাকঘরের সঙ্গে যুক্ত হবে।
এসব শাখা ডাকঘরের পদগুলি বিলুপ্ত করে সমসংখ্যক পদ নতুন জায়গায় সৃষ্টি করা হচ্ছে। অর্থাৎ পদ কমছে না, বরং পুনর্বণ্টন হচ্ছে। উদ্বৃত্ত শাখা ডাকঘর কর্মীর বেশিরভাগকে বিজনেস মনিটরিংয়ের কাজে বিভিন্ন সাব ডিভিশন বা ডিভিশন অফিসে, আর উদ্বৃত্ত সহকারী শাখা ডাকঘর কর্মীর বেশিরভাগকে ডেলিভারি, আধার অপারেটর হিসাবে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট অফিস বা ডেলিভারি সেন্টারে দেওয়ার কথা বলা হয়েছে। এই শাখা ডাকঘরগুলির ডেলিভারি এবার হবে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট অফিস থেকেই।
কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামছেন কর্মীরা। সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়ন (গ্রুপ ‘সি’)-এর রাজ্য সম্পাদক অসিত বঙ্গবাস বলেন, ‘আমরা ২৭ নভেম্বর (আজ) যোগাযোগ ভবনে ধরনা কর্মসূচি নিয়েছি। দাবি না মানলে আন্দোলন আরও জোরালো হবে।’ কী কারণে এই প্রতিবাদ ও আন্দোলন? কর্মীদের বক্তব্য, গ্রামাঞ্চলের বড়ো অংশেই শাখা ডাকঘরগুলির অস্তিত্ব মুছে গেলে পরিষেবা আর নাগালে পাবেন না গ্রাহক। তাছাড়া, এসব পদে নতুন করে আর কোনো নিয়োগ হবে না। যাঁরা এতদিন যে কাজ করছিলেন, তাঁদের দিয়ে মার্কেটিংয়ের কাজ করানো হবে। তবে এই সমস্যার শিকড় আরও গভীরে বলে মনে করছেন কর্মীরা। তাঁদের মতে, কর্মী বা প্রতিষ্ঠান কতটা দক্ষতার সঙ্গে কাজ করছে, বিগত কয়েক বছর ধরে এই মূল্যায়ন হচ্ছে অনলাইনে। এতে মূল্যায়ন যথাযথ হচ্ছে না। সিস্টেম যে মূল্যায়ন করে দিচ্ছে, পোস্টমাস্টারকে সেটাই পাঠাতে হচ্ছে। এই অবৈজ্ঞানিক ব্যবস্থার ফলে কোথায় কর্মী উদ্বৃত্ত, আর কোথায় কাজের চাপ অনেক, তার সঠিক বিচারও হচ্ছে না। সেই সঙ্গে এক পোস্টাল সার্কেল থেকে অন্য পোস্টাল সার্কেলে বদলি করার ফলে কর্মীদের অনেককে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। গ্রামীণ ডাকসেবকদের পদন্নোতির জন্য নেওয়া পরীক্ষার ফলাফলও প্রকাশিত হচ্ছে না। এসবেরই প্রতিবাদেই আন্দোলন বলে জানাচ্ছেন তাঁরা।



