Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিড় সামলাতে মেট্রোর টিকিট বইমেলাতেও, ছুটির দিনে পরিষেবা, বাড়ছে সময়

এবারের বইমেলায় ফুটবল আবেগ। আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি মেসি-মারাদোনার দেশ-আর্জেন্তিনা। আর মাত্র ৯ দিনের অপেক্ষা। ২২ জানুয়ারি বিকেল ৪টেয় ৪৯তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিড় সামলাতে মেট্রোর টিকিট বইমেলাতেও, ছুটির দিনে পরিষেবা, বাড়ছে সময়
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এবারের বইমেলায় ফুটবল আবেগ। আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি মেসি-মারাদোনার দেশ-আর্জেন্তিনা। আর মাত্র ৯ দিনের অপেক্ষা। ২২ জানুয়ারি বিকেল ৪টেয় ৪৯তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

গতবছরের তুলনায় এবার বেশি ভিড় আশা করছে গিল্ড। কারণ এই প্রথমবার হাওড়া-ধর্মতলা থেকে শিয়ালদহ মেট্রো মিশেছে কলকাতা বইমেলায়। গিল্ডের আবেদনে সাড়া দিয়ে বইমেলার ভিতর এবার স্টলও দেবে মেট্রো কর্তৃপক্ষ। ইউপিআই’য়ের মাধ্যমে সেখান থেকে মিলবে টিকিট। রবিবার, ছুটির দিনেও চলবে মেট্রো। বাড়বে পরিষেবা। শেষ মেট্রোর সময়ও বাড়বে বলে জানা গিয়েছে।
সল্টলেক সেন্ট্রাল পার্কে মেলাপ্রাঙ্গণে ২২ জানুয়ারি শুরু হচ্ছে বইমেলা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার মধ্যে ২৩ ও ২৬ জানুয়ারি ছাড়াও দু’টি শনিবার এবং দু’টি রবিবার পড়েছে। রয়েছে সরস্বতী পুজোও। ১৯৯৬ সালের পর গতবার বাংলাদেশ বইমেলায় ছিল না। এবারও বাংলাদেশ আসছে না। মেলায় সাধারণ মানুষের যাতায়াতের জন্য বাস, অটো, ক্যাব তো আছেই, সঙ্গে বাড়তি পাওনা মেট্রো। ২০২২ সালে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো চালু হয়েছিল। ২০২৩ সালে বইমেলা থেকে মেট্রোয় যাতায়াত করছে যাত্রীরা। কিন্তু শিয়ালদহের সঙ্গে ধর্মতলা ও হাওড়া সংযুক্ত না হওয়ায় বেশি সংখ্যক মানুষ যাতায়াতের সুযোগ পেতেন না। চলতি বছর সেই সংযোগ সম্পন্ন হয়েছে। ফলে বহু দূর জায়গার মানুষ এখন মেট্রো পরিষেবার সুবিধা পাবেন।
বইমেলা উপলক্ষ্যে সোমবার সাংবাদিক সম্মেলন করে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সভাপতি সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘এবার মেট্রোয় হাওড়া ও ধর্মতলা জুড়ে যাওয়ায় ভিড় মারাত্মক বাড়বে। আমরা মেট্রো কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম বিশেষ পরিষেবা দেওয়ার জন্য। তা মেনে এই প্রথমবার মেলায় মেট্রো স্টল দেবে। দর্শকরা সেখান থেকে টিকিট কাটতে পারবেন। ফলে স্টেশনের ভিতর হুড়োহুড়ি হবে না। বইমেলার দিনগুলি আরও বেশি মেট্রো পরিষেবা মিলবে। শেষ ট্রেনের সময় বাড়িয়ে প্রতিদিন রাত ১০ টা পর্যন্ত চলবে।’
অন্যদিকে জানা গিয়েছে, মেলার ন’টি গেট। ন’টিতেই থাকবে তোরণ। তার মধ্যে দু’টি তোরণ হবে থিম কান্ট্রির কোনও স্থাপত্যের আদলে। গতবারের মতো এবারও চালু হবে বইমেলার অ্যানড্রয়েড অ্যাপ। নেটওয়ার্কের সমস্যার কারণে মেলায় অনলাইন পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়তে হয় ক্রেতাদের। গতবার সে সমস্যা অনেকটাই মিটেছে। এবার নেটওয়ার্ক আরও ভালো করার প্রস্তাব দিয়েছে গিল্ড।

সম্পর্কিত সংবাদ