নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রোর ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে সিগন্যালে যান্ত্রিক ত্রুটি! বরানগর ও নোয়াপাড়া স্টেশনের মাঝে থাকা সিগন্যালিং কেবল ছেঁড়া থাকায় মঙ্গলবার চূড়ান্ত সমস্যা হয়েছে যাত্রী পরিষেবায়। যার জেরে দেরিতে চলেছে মেট্রো। জানা গিয়েছে, সোমবার রাতে নাইট পেট্রোলিংয়ের সময় সিগন্যালের তার ছেঁড়া থাকতে দেখা যায়। ফলে, মঙ্গলবার সকালে পরিষেবা শুরুর সময় থেকেই সমস্যায় পড়েন যাত্রীরা। দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে পরিষেবা কার্যত লাটে ওঠে। স্বয়ংক্রিয় সিগন্যাল অকেজো থাকায় ম্যানুয়াল ভাবেই সিগন্যাল দিতে হয়েছে। অফিস টাইমের ব্যস্ত সময়ে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের। দক্ষিণেশ্বরে যেহেতু মেট্রো ছাড়তে সমস্যা হয়েছে, ফলে এর প্রভাব উল্টোদিকে শহিদ ক্ষুদিরামেও পড়ে। ব্যস্ত সময়ও মেট্রো চরম অনিয়মিত চলেছে। শহিদ ক্ষুদিরাম থেকে সকালে অফিস টাইমে কখনও ১৫ মিনিট, ২০ মিনিট, এমনকি ২৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া গিয়েছে। ফলে, সকাল থেকেই দুর্ভোগ পোহাতে হয়েছে নিত্যযাত্রীদের। দ্রুত সিগন্যালিং কেবল বদলে ফেলার কাজ চলে বরানগর ও নোয়াপাড়া স্টেশনের মাঝে। সকাল ১০টা পর্যন্ত এই সমস্যা চলে। তারপরে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু হলেও গোটা পরিষেবা স্বাভাবিক হতে আরও বেলা গড়িয়েছে।



