পুনে: গত ১২ বছরে ভারতে মেট্রো রেলপথের দৈর্ঘ্য ২৪৮ কিলোমিটার থেকে বেড়ে ১২০০ কিলোমিটার হয়েছে। মঙ্গলবার পুনে মেট্রোর ৩ নম্বর লাইন (পিঙ্ক লাইন) উদ্বোধন করে এই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ২৩ কিলোমিটার দীর্ঘ মেট্রো করিডরের উদ্বোধন করেন মোদি। ৮,৩০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি এই লাইন হিঞ্জেওয়াড়ির তথ্যপ্রযুক্তি কেন্দ্রকে ডিস্ট্রিক্ট কোর্ট মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করবে। এই লাইনে প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় ৩০ শতাংশ আসবে সৌরশক্তি থেকে। এ দিন পুনে মেট্রোর দ্বিতীয় পর্যায়ের চারটি নতুন করিডরের শিলান্যাসও করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলিতে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ২১,৮০০ কোটি টাকা। মোদি বলেন, ২০১৪ সালে দেশে মাত্র ২৪৮ কিলোমিটার মেট্রো রেলপথ চালু ছিল। বর্তমানে তা বেড়ে প্রায় ১২০০ কিলোমিটার হয়েছে। ২০১৪ সালে দেশের মাত্র পাঁচটি শহরে মেট্রো পরিষেবা চালু ছিল। বর্তমানে ২৬টি শহরে এই পরিষেবা পাওয়া যাচ্ছে। প্রতিদিন এক কোটিরও বেশি মানুষ মেট্রোতে যাতায়াত করেন। তাঁর দাবি, বিশ্বের প্রথম তিনটি বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের মধ্যে এখন ভারতও রয়েছে।



