নয়াদিল্লি: ‘এল আলটিমো ট্যাঙ্গো’, যার অর্থ শেষ নাচ। ২০২৬ ফুটবল বিশ্বকাপে এই বিশেষ এডিশন বুট পরে খেলতে দেখা যাবে লায়োনেল মেসিকে। আর্জেন্তিনার জার্সির সঙ্গে সামঞ্জস্য রেখে নীল-সাদা রংয়ে ডিজাইন করা। শনিবারই জুতো প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে এই স্পেশাল বুটটির কথা ঘোষণা করা হয়। বিশ্বকাপের ঠিক আগে অর্থাৎ পরের বছর জুন মাসে এটি বাজারে আনা হবে। উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপের ফাইনালেও একইভাবে সোনালি রংয়ের বিশেষ বুট পরে খেলতে নেমেছিলেন আর্জেন্তাইন মহাতারকা। সাম্প্রতিক ভারত সফরে এই সংস্থার হয়ে বিশেষ বিজ্ঞাপনী প্রচারও সারেন লিও। সেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব, রেনুকা সিং ঠাকুর, বক্সার নিখাত জারিন ও প্যারা অ্যাথলিট সুমিত আন্তিলকে।



