Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

১১ কোটির ঘড়ি উপহার নিয়ে আর্জেন্তিনায় ফিরলেন মেসি

ভারতে আসলে আম্বানিদের আতিথেয়তা থেকে বঞ্চিত থাকবেন কোনও সেলিব্রিটি, এমনটা হতে পারে না।

১১ কোটির ঘড়ি উপহার নিয়ে আর্জেন্তিনায় ফিরলেন মেসি
  • ১৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতে আসলে আম্বানিদের আতিথেয়তা থেকে বঞ্চিত থাকবেন কোনও সেলিব্রিটি, এমনটা হতে পারে না। তাই সফরের শেষবেলায় জামনগরে অনন্ত আম্বানির ‘বনতারা’ ঘুরে যান লিও মেসি। সোমবার রাতে সেখানে আর্জেন্তাইন মহাতারকাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বাঘ, সিংহ, হাতি ও জিরাফের সঙ্গে ছবি তুলছেন মেসি-সুয়ারেজ-রডরিগো ডি পলরা। তিন তারকা ফুটবলারের আতিথেয়তায় কোনও খামতি ছিল না। আর্জেন্তাইন মহাতারকাকে উপহার দেন রিচার্ড মিলের বিশেষ হাতঘড়ি। যার দাম প্রায় ১০ কোটি ৯০ লক্ষ।

Advertisement


বুধবার আর্জেন্তিনায় ফেরার পর ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন লিও। সেখানে গোটা ভারত সফরের বিশেষ মুহূর্ত তুলে ধরা হয়। কলকাতায় ৭০ ফুটের মূর্তি উন্মোচন থেকে শচীনের হাত থেকে ভারতীয় দলের জার্সি নেওয়া— সবই রয়েছে সেই ভিডিওতে। আর সেই সঙ্গে মেসি লেখেন, ‘নমস্কার ইন্ডিয়া। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে দুর্দান্ত কিছু মুহূর্ত কাটালাম। সেখানকার মানুষের ভালোবাসায় আপ্লুত। অনুরাগীদের ভালোবাসা আমার মন ভরিয়ে দিয়েছে। তাঁদের জন্যই হয়তো ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।’ তবে এই ভিডিওতে ছিল না যুবভারতীর কোনও মুহূর্ত। উল্লেখ্য, গত শনিবার ভোররাতে কলকাতায় পা রেখেছিলেন আর্জেন্তাইন মহাতারকা। তবে ফুটবলের মক্কায় শুরুটা মোটেই সুখকর হয়নি বাঁ পায়ের জাদুকরের। যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার জেরে মাত্র ১৮ মিনিটেই স্টেডিয়াম ছেড়েছিলেন লিও। আর্জেন্তাইন মহাতারকাকে দেখতে না পেরে গোটা স্টেডিয়াম তছনছ করেন অনুরাগীরা। এরপর হায়দারবাদ, মুম্বই, দিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন লিও। 


ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১৪২ নম্বরে। মার্কেটিং পার্টনারের অভাবে দেশের শীর্ষ লিগ হওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপেও নেই কোনও দিশার আলো। এমন পরিস্থিতিতে চারদিনের ঝটিকা সফরে ভারতে ঘুরে গেলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লায়োনেল মেসি। আর্জেন্তাইন মহাতারকাকে ঘিরে দেশবাসীর মধ্যে দেখা মিলেছে এক আলাদা উন্মাদনা। তবে মেসির এই সফর ঘিরে বারবার একটাই প্রশ্ন দেখা দিয়েছে, এর ফলে কি একচুলও এগোবে দেশের ফুটবল? উত্তরটা পাঠকদের নিশ্চয়ই অজানা নয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ