ফ্লোরিডা: তাঁর হাত ধরেই ক্লাব ইতিহাসে প্রথম মেজর লিগ খেতাব ঘরে তোলে ইন্তার মায়ামি। গত ৭ ডিসেম্বর কাপ ফাইনালে ভানকুভেরকে বশ মানিয়ে শিরোপার দখল নেন লায়োনেল মেসিরা। তারপর কেটে গিয়েছে প্রায় ছ’সপ্তাহ। অবশেষে ছুটি কাটিয়ে নতুন বছরে ফের মাঠে ফিরলেন আর্জেন্তাইন মহাতারকা। রবিবার ইন্তার মায়ামির অনুশীলনে যোগ দিলেন বাঁ পায়ের জাদুকর। শুরুতে দলের প্রতিটি ফুটবলারের মেডিকেল পরীক্ষা হয়। তারপর বল পায়ে মাঠে নামেন সুয়ারেজরা। আগামী ২২ ফেব্রুয়ারি লস এঞ্জেলস এফসি’র বিরুদ্ধে এমএলএস অভিযান শুরু করবে তারা।
এদিকে, মেসিকে দলে পেতে ২০২৩ সালে রেকর্ড ১.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল সৌদির ক্লাব আল এতিহাদ। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ১২ হাজার ৭০০ কোটি টাকা। তবে সেই লোভনীয় প্রস্তাব সরাসরি নাকচ করে দেন আর্জেন্তাইন মহাতারকা। দীর্ঘ সময় বাদে একথা প্রকাশ্যে আনলেন স্বয়ং আল এতিহাদ ক্লাবের মালিক আনমার আল-হাইলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২০২৩ সালে পিএসজি’র সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা জানা মাত্রই আমরা মেসির সঙ্গে যোগাযোগ করি। সেই সময় তাঁকে ১.৪ বিলিয়ন ডলারের প্রস্তাবও দেওয়া হয়। তবে মেসি খুব নমনীয় ভাবেই তা ফিরিয়ে দেন। আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে বিশ্বের সেরা ফুটবলারকে সই করাতে না পারার আক্ষেপ আজও রয়ে গিয়েছে।’