সিনসিনাটি- ০ : ইন্তার মায়ামি- ৪
সিনসিনাটি- ০ : ইন্তার মায়ামি- ৪
ফ্লোরিডা: গতবার দলকে প্লে-অফে তুললেও, শিরোপা জয় অধরাই থেকেছিল লিও মেসির। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের নক-আউট পর্বের শুরুতেই বিদায় নিয়েছিল ইন্তার মায়ামি। তবে এবার কার্যত একার কাঁধে দলকে ফাইনালে তুললেন এলএমটেন। রবিবার সেমি-ফাইনালের লড়াইয়ে সিনসিনাটিকে ৪-০ গোলে হারাল ডেভিড বেকহ্যামের দল। ম্যাচে গোল করে ও করিয়ে ফের নায়ক সেই মেসি। পেশাদার ফুটবলে ১৩০০ গোলে সরাসরি অবদানের নজির গড়লেন লিও। এরমধ্যে ৮৯৬টি গোলের পাশাপাশি তাঁর নামের পাশে রয়েছে ৪০৪টি অ্যাসিস্ট। ম্যাচে মেসির পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন মাতেও সিলভেত্তি ও তাদেও আলেন্দে (২)। আগামী শনিবার ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হবে মেসিরা। সেই ম্যাচ জিততে মেজর লিগ সকারের কাপ ফাইনালের যোগ্যতা অর্জন করবে ইন্তার মায়ামি।
চলতি মরশুমে স্বপ্নের ফর্মে রয়েছেন মেসি। ইতিমধ্যেই মেজর লিগ সকারের সোনার বুট জিতেছেন আর্জেন্তাইন মহাতারকা। প্লে-অফের পর্বেও বজায় রাখেন গোলের রাখা। রবিবার ১৯ মিনিটে হেডে দুরন্ত গোল লিওর। মাতেও সিলভেত্তির সেন্টার থেকে জাল কাঁপান তিনি। এরপর দলের বাকি তিনটি গোলের ক্ষেত্রেও অবদান রাখেন আর্জেন্তাইন মহাতারকা। দ্বিতীয়ার্ধে ১২ মিনিটে তাঁর পাস ধরেই আড়াআড়ি শটে লক্ষ্যভেদ সিলভেত্তির। এরপর ৬২ ও ৭৪ মিনিটে মেসির থ্রু থেকেই জাল কাঁপান তাদেও আলেন্দি। উল্লেখ্য, এদিনই ফেরেঙ্ক পুসকাসের ৪০৪টি অ্যাসিস্টের নজিরকে স্পর্শ করলেন মেসি। আর একটি গোল করাতে পারলেই সর্বকালের সর্বাধিক অ্যাসিস্টের রেকর্ড গড়বেন আর্জেন্তাইন মহাতারকা। তবে এখন তাঁর চোখ শুধুই ট্রফিতে।