Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাম ঐক্য মঞ্চে লিবারেশন ও সিপিএমের বিরোধ ঘোচানোর বার্তা

নৈহাটিতে মঙ্গলবার থেকে শুরু হল সিপিআই (এমএল) লিবারেশনের ১৩তম রাজ্য সম্মেলন।

বাম ঐক্য মঞ্চে লিবারেশন ও সিপিএমের বিরোধ ঘোচানোর বার্তা
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নৈহাটিতে মঙ্গলবার থেকে শুরু হল সিপিআই (এমএল) লিবারেশনের ১৩তম রাজ্য সম্মেলন। সম্মেলনের প্রথম দিন ‘বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ’ শীর্ষক অধিবেশনে লিবারেশন সহ মোট ছ’টি বামদলের নেতৃত্ব যোগ দেন। বক্তব্য রাখেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই (এমএল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ও আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড়। উঠে আসে, গণতন্ত্র রক্ষার জন্য বৃহত্তর বাম ঐক্যের আহ্বান। 

Advertisement

ইতিমধ্যে লিবারেশন বলেছে, বাংলায় তৃণমূল ও বিজেপিকে তারা একাকার করতে চান না। এদিন প্রকাশ্য অধিবেশন থেকে মহম্মদ সেলিমের ইঙ্গিতপূর্ণ বক্তব্য, ‘কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে আলাদা অবস্থান থাকতেই পারে। সেটা থাকা স্বাভাবিক, তাই আলাদা দল। লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে সাময়িক ভুল বোঝাবুঝি গণতান্ত্রিক কাঠামোয় মেনে নিতে হয়। আমি আমার শক্তি কার বিরুদ্ধে প্রয়োগ করব, তা পরিষ্কার করতে হবে।’ তারপরই দীপঙ্কর বলেন, ‘বামেদের উপর বিজেপি চাপ সৃষ্টি করছে, প্রমাণ করো তোমরা কতটা খাঁটি তৃণমূল বিরোধী। এই চাপ থেকে বেরিয়ে আসতে হবে। বিজেপি বাংলায় সিরিয়াস নয়, এগুলো হিসেব করা সময়ের অপচয়। আমরা সব আক্রান্তের পাশে দাঁড়াব। বাইরের রাজ্যে কেউ আক্রান্ত হলে আমরা বলব না নাটক। বারবার বলব, বিজেপিকে ভোট দেবেন না। অবশ্যই বলব, বামপন্থীদের ভোট দিন। তৃণমূলকে ভোট দিতে বলব না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ