সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় ভিভি জি রাম জি প্রকল্পের সরকারি অনুষ্ঠানে এবার একই মঞ্চে বিজেপির বিধায়কদের সঙ্গে দেখা গেল তৃণমূল বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতিরা। শুধু তাই নয়, সকলেই একইসঙ্গে কাজ করার বার্তা দিলেন।
সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় ভিভি জি রাম জি প্রকল্পের সরকারি অনুষ্ঠানে এবার একই মঞ্চে বিজেপির বিধায়কদের সঙ্গে দেখা গেল তৃণমূল বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতিরা। শুধু তাই নয়, সকলেই একইসঙ্গে কাজ করার বার্তা দিলেন।
তবে তৃণমূল আমলে ‘বিরোধী’ বিজেপি বিধায়করা নিজেদের বঞ্চনার কথাও তুলে ধরেছেন। এদিকে তৃণমূলের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি ও সদস্যরা পদত্যাগ না করে উন্নয়নের কাজ করার জন্য জেলা প্রশাসনের কাছে দাবি রেখেছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে এবার তৃণমূলের জনপ্রতিনিধিদের সভায় ডাকলেন জেলাশাসক। নতুন সরকারের ভিবি জি রাম জি প্রকল্পে (১২৫ দিনের কাজ) কীভাবে কাজ করতে হবে এবং কী ধরনের কাজের সুবিধা রয়েছে তা জানাতে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, জেলাস্তরের সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ১২৫ দিনের কাজের নতুন স্কিম এবং অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পগুলিকে একত্রিত করে জনসাধারণের জন্য পরিকাঠামো এবং কর্মদিবস বৃদ্ধি করা। নতুন প্রকল্পের সুবিধা অসুবিধা জানাতে সমস্ত জেলা প্রশাসনিক আধিকারিক, বিধায়ক ও জনপ্রতিনিধিদের ডাকা হয়েছিল।
এদিন অনুষ্ঠানে জেলাশাসকের পাশাপাশি জেলার তিন বিজেপি বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বুধরাই টুডু, তাপস চন্দ্র রায়, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলায় এই প্রথম জেলাস্তরের কোনো বৈঠকে তৃণমূলের জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে অংশগ্রহণ দেখা গেল।
তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু বলেন, আমি তৃণমূল আমলে বিধায়ক ছিলাম। কিন্তু এভাবে কোনোদিন প্রশাসনিক বৈঠকে ডাক পাইনি। বর্তমান সরকারের আমলে বিরোধীদের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিরোধীদের সঙ্গেও ইতিবাচক আলোচনা হচ্ছে। কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল বলেন, ভালো কে ভালোই বলতে হবে। আমি ডাক পেয়েছি। তবে শুধু ডাক পেলেই হবে না, কাজ যাতে সমান ভাবে করতে পারি সেটা দেখতে হবে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার বলেন, বৈঠকে ডাক পেয়ে অবশ্যই খুশি। আমরা ধারাবাহিকভাবে কাজ করে আসছিলাম। নতুন সরকার বদলের পরেও কাজ করতে চাইছি। মানুষের উন্নয়নের জন্য কাজ করব।
রাজ্যে পালা বদলের পর জেলায় জেলায় জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের জনপ্রতিনিধিরা ইস্তফা দিচ্ছেন। সেই জায়গায় উল্টোদিকে হেঁটেছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রতিনিধিরা। তাঁরা ইস্তফা না দিয়ে কাজ করতে চেয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছিলেন। বর্তমানে ১২৫ দিনের কাজ শুরু হয়েছে। সেই প্রকল্প যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, তার জন্যই এবার জেলা প্রশাসন সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়েছে।