Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

৬ ব্যাংকের সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু এপ্রিল মাসে

এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে পুনরায় ব্যাংক সংযুক্তিকরণের প্রক্রিয়া। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এবার ১২টি সরকারি ব্যাংককে ছ’টিতে নামিয়ে আনা হবে প্রাথমিকভাবে।

৬ ব্যাংকের সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু এপ্রিল মাসে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে পুনরায় ব্যাংক সংযুক্তিকরণের প্রক্রিয়া। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এবার ১২টি সরকারি ব্যাংককে ছ’টিতে নামিয়ে আনা হবে প্রাথমিকভাবে। তবে ধাপে ধাপে। শেষে সরকারি ব্যাংক থাকবে চারটি। প্রাথমিকভাবে যেগুলিকে সংযুক্তিকরণের আওতায় আনা হচ্ছে, সেগুলি হল, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অব ইন্ডিয়া এবং ব্যাংক অব মহারাষ্ট্র। এই ব্যাংকগুলিকে হয় পরস্পরের সঙ্গে সংযুক্ত অথবা অন্য কোনও বৃহৎ ব্যাংকে অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিকভাবে ব্যাংক সংযুক্তিকরণের কারণ হিসাবে বলা হচ্ছে, অনুৎপাদী সম্পদের পরিমাণ কমিয়ে দেওয়া, ডিজিটাল ব্যাংকিং বাড়ানো এবং সরকারি ব্যাংকের আয়তন বৃদ্ধি। যাতে বিশ্বের বৃহৎ ব্যাংকগুলির সঙ্গে ভারতীয় সংস্থাও প্রতিযোগিতায় থাকতে পারে। আপাতত চারটি ব্যাংক নিয়ে আলোচনা হচ্ছে। এরপর তালিকায় যুক্ত করা হবে ইউকো ও পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক।

Advertisement

২০১৭ সালে ২৭টি সরকারি ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। ৬টি অ্যাসোসিয়েটেড ব্যাংককে মিশিয়ে দেওয়া হয় স্টেট ব্যাংকের সঙ্গে।  এরপর ২০১৯ সালে বিজয়া ব্যাংক ও দেনা ব্যাংককে সংযুক্ত করা হয় ব্যাংক অব বরোদার সঙ্গে। ২০২০ সালে হয় সবথেকে বড়সড় সংযুক্তিকরণ প্রক্রিয়া। একঝাঁক ব্যাংকের পৃথক অস্তিত্ব বিলোপ করে দেওয়া হয়। এবার আবার প্রথমে চারটি ব্যাংক এবং তারপর দু’টি ব্যাংকের সংযুক্তিকরণ হবে। এখনও পর্যন্ত ২০১৭ সাল থেকে ব্যাংক সংযুক্তিকরণে কোনও কর্মী সংকোচন হয়নি।  কিন্তু ইতিমধ্যেই কর্মী ও অফিসার্স ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাংক সংযুক্তিকরণ হচ্ছে, কিন্তু অবসরের সঙ্গে সঙ্গতি রেখে যে নিয়োগ প্রক্রিয়া এতদিন ধরে হয়ে এসেছে, সেটি হচ্ছে না। অর্থাৎ কর্মীরা অবসর নিচ্ছে, কিন্তু ব্যাঙ্কে সেই অনুপাতে নিয়োগ হচ্ছে না। অর্থাৎ, পরোক্ষে কর্মী সংকোচন হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ