সংবাদদাতা: ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারিতে পুরুষরা জগদ্ধাত্রী ঠাকুরকে বরণ করবেন। তা দেখতে ততক্ষণে ভিড় জমে গিয়েছে বৃহস্পতিবার। কিন্তু সকাল থেকেই বৃষ্টি। ফলে রবিবার শোভাযাত্রা ও বিসর্জন হবে বলে ঠিক হয়েছে। তাই বরণও হবে পরে। অগত্যা পুরুষদের বরণ না দেখা হল না। সবাই দশমীর পুজো ও অঞ্জলি দিয়ে বাড়ি ফিরলেন। রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের মেয়ের বাড়ি ভদ্রেশ্বরের গৌরহাটিতে। সেখানে জগদ্ধাত্রীর পুজো হত। কিন্তু তাঁদের আর্থিক অবস্থার অবনতির কারণে পুজোটি সর্বজনীন পুজোর রূপ নিয়ে স্থানান্তরিত করা হয়। সেখানে একটি বড়ো তেঁতুল গাছ থাকার কারণে পুজোটি তেঁতুলতলা বারোয়ারি নামে পরিচিতি লাভ করে। সেটি ইংরেজ ও ফরাসি আমল। জনবসতি ছিল না বলে পথ ছিল জঙ্গলাকীর্ণ। নিরাপত্তার অভাব ও সামাজিক নিষেধাজ্ঞার কারণে মেয়েদের লোকের সামনে বেরনো নিষেধ তাহলে তেঁতুলতলার প্রতিমা বরণের কি হবে? শেষে ঠিক হল, পুরুষরা শাড়ি পরে বরণ করবেন। সেই থেকেই বরণের এই ছক ভাঙা রীতি। কালক্রমে তেঁতুলতলার সেই পুজোই এখন চন্দননগর ভদ্রেশ্বরের অন্যতম বিখ্যাত সর্বজনীন। এলাকাবাসীর কাছে বুড়িমা নামেও খ্যাত। নারী সেজে ১১ থেকে ১৭ জন পুরুষ ২৩৪ বছরের প্রথা নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। ঘোমটা মাথায়, পায়ে আলতা মেখে, কপালে সিঁদুর, হাতে শাঁখা পলা পরে বাঙালি নারীর মতো সাজেন পুরুষরা। অনেকের বক্তব্য, চিরাচরিত নিয়মের একেবারে বিপরীতে দাঁড়িয়ে প্রতিমা বরণের এই প্রথা অভিনব বলা চলে। কিন্তু বৃষ্টি নামতেই চন্দননগর সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটি তড়িঘড়ি বৈঠক ডেকে রবিবার শোভাযাত্রার সিদ্ধান্ত নিয়েছে। সেদিনই তেঁতুলতলার বুড়িমার বরণ অনুষ্ঠিত হবে।



