নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর: দিল্লিতে পরপর ধর্ষণের ঘটনায় দিল্লি পুলিশ ও সরকারের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। গত দুই সপ্তাহে নাবালিকাদের ধর্ষণের চারটি ঘটনা সামনে আসার পর এদিন সোমবার বিচারপতি জে বি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এই ঘটনাগুলি রাজধানীতে জননিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতাকে স্পষ্ট করছে। পাশাপাশি ২০১২ সালের ভয়াবহ নির্ভয়া কাণ্ডের সঙ্গে বর্তমান ঘটনাগুলির তুলনা টেনে সুপ্রিম কোর্ট এদিন মন্তব্য করেছে সাম্প্রতিক ঘটনাগুলি ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের সেই নির্মম স্মৃতিই মনে করিয়ে দিচ্ছে। বিশেষ করে চলন্ত স্লিপার বাসে এক নাবালিকার গণধর্ষণের ঘটনায় ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের সঙ্গে যন্ত্রণাদায়ক সাদৃশ্য দেখতে পেয়েছে শীর্ষ আদালত।
আদালতের তরফে জানা গিয়েছে, পর্যাপ্ত আলো, নজরদারি ও প্রশাসনিক পরিকাঠামোর অভাবে পার্ক বা বাসের মতো জনসমাগম একাধিক জায়গাকে ঝুঁকিপূর্ণ এলাকা হতে দেওয়া যায় না। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে বলেও মন্তব্য আদালতের। মানুষের মর্যাদার সঙ্গে এবং ভয়মুক্তভাবে বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকারেরই অংশ বলে উল্লেখ করেছে বেঞ্চ। শীর্ষ আদালত আরও জানায়, ধর্ষণের ঘটনার পর জনপ্রতিনিধিদের শুধুমাত্র সহমর্মিতা প্রকাশ করাই যথেষ্ট নয়। প্রয়োজন রয়েছে আইনত পদক্ষেপ।
সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে ১০ সেপ্টেম্বর উত্তর পশ্চিম দিল্লির স্বরূপনগরে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে তিনজন নাবালক। অপরদিকে ১৪ সেপ্টেম্বর মধ্য দিল্লির দেশবন্ধু গুপ্ত রোডে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর ১৭ সেপ্টেম্বর পুরনো দিল্লির সদর বাজারে একটি দোকানের ভিতরে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে ৫৬ বছরের এক দর্জির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি, ২১ সেপ্টেম্বর কালকাজি মন্দিরের কাছে আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছরের এক কিশোরীকে তিন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। তিন অভিযুক্ত আসিফ, হেমন্ত ও মুকেশকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর দিল্লির সমস্ত পার্কের নিরাপত্তা অডিটের নির্দেশ দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু। আলো, নিরাপত্তা, টহলদারি ও নজরদারি ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি পার্কগুলির আশপাশে পিঙ্ক পুলিশ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে গ্রেটার নয়ডা থেকে দিল্লিগামী চলন্ত একটি বাসে ১৬ বছরের এক ছাত্রীর ধর্ষণের অভিযোগও সামনে এসেছে। ঘটনায় বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরপর এই সমস্ত ঘটনাগুলির জেরে রাজধানীতে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।