Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

একাধিক ট্রেন তুলে নেওয়ায় ডিআরএমকে স্মারকলিপি রহিমের নেতৃত্বে মালদহ থেকে নতুন ট্রেনের দাবি

দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস আগেই মালদহ থেকে সরিয়ে পাশের জেলায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, খুব শীঘ্রই বেঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেসও মালদহ থেকে সরানোর চক্রান্ত চলছে

একাধিক ট্রেন তুলে নেওয়ায় ডিআরএমকে স্মারকলিপি রহিমের নেতৃত্বে মালদহ থেকে নতুন ট্রেনের দাবি
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস আগেই মালদহ থেকে সরিয়ে পাশের জেলায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, খুব শীঘ্রই বেঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেসও মালদহ থেকে সরানোর চক্রান্ত চলছে। একের পর ট্রেন মালদহ সরিয়ে নেওয়ার প্রতিবাদে এবং পরিবর্তে মালদহ থেকে নতুন ট্রেন দেওয়ার দাবিতে সোচ্চার হল মালদহ জেলা তৃণমূল কংগ্রেস। রেল পরিষেবা সংক্রান্ত ন’দফা দাবিতে বুধবার রেলের  মালদহের ডিআরএমকে ডেপুটেশন দেয় তৃণমূল। 

Advertisement

দলের মালদহ জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, মালদহ থেকে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার বা কাজের জন্য দেশের নানা প্রান্তে যান। মালদহ-দিল্লি রুটের ফরাক্কাএক্সপ্রেস আগেই মালদহ থেকে তুলে বালুরঘাটে নিয়ে যাওয়া হয়েছে। এবার বেঙ্গালুরু এক্সপ্রেসও বালুরঘাটে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। বালুরঘাটে নতুন ট্রেন দেওয়া হোক। কিন্তু আমাদের এখান থেকে কেন ঐতিহ্যবাহী ট্রেনগুলি তুলে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে?    
তৃণমূল কংগ্রেসের এদিনের ডেপুটেশন কর্মসূচিতে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান চৈতালি সরকার, ইংলিশবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, জেলা সম্পাদক গৌতম দাস, শ্রমিক নেতা শুভদীপ সান্যাল, দলের সহ সভাপতি শুভময় বসু।  
দূরপাল্লার বিভিন্ন ট্রেন সরিয়ে নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে রেল তাদের জায়গায় বসবাসকারী মানুষদের উচ্ছেদ করার চক্রান্ত চালাচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। ডিআরএম-কে দেওয়া স্মারকলিপিতে এই অভিযোগও জানান তাঁরা। মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা জেলা তৃণমূলের সম্পাদক গৌতম দাস বলেন, বহু মানুষ দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে রেলের জায়গায় বসবাস করছেন। পুনর্বাসনের ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদের চক্রান্ত করেছে রেল। যদিও মালদহের ডিআরএম মণীশকুমার গুপ্ত সাফ জানিয়ে দিয়েছেন, রেল কোনও উচ্ছেদের নোটিস জারি করেনি। কেউ বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিছু কিছু জায়গায় নোটিস জারি করেছে। আমরা আমাদের বিভিন্ন সূত্র মারফৎ সেকথা জানতে পেরেছি। তবে এনিয়ে সাধারণ মানুষ আমাদের অভিযোগ করেননি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ