Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেখলিগঞ্জ: ফুলকাডাবরি বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকছে সাপ, খোলা আকাশের নীচেই বসল ক্লাস

মাস খানেক ধরে সাপের উপদ্রবে সমস্যায় পড়েছে মেখলিগঞ্জ ব্লকের ৯৪ নম্বর ফুলকাডাবরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মেখলিগঞ্জ: ফুলকাডাবরি বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকছে সাপ, খোলা আকাশের নীচেই বসল ক্লাস
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেখলিগঞ্জ: মাস খানেক ধরে সাপের উপদ্রবে সমস্যায় পড়েছে মেখলিগঞ্জ ব্লকের ৯৪ নম্বর ফুলকাডাবরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কখনও শ্রেণিকক্ষের দরজা খুললেই দেখা মিলছে সাপের, আবার কখনও ক্লাস চলাকালীনই গোখরো সাপ দেখা যাচ্ছে রুমের ভিতরে ঘোরাঘুরি করতে। এমনকী বিদ্যালয়ের অফিসঘরও কার্যত সাপের দখলে চলে গিয়েছে। ফলে আতঙ্কে রয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-অভিভাবক সকলে। নিরাপত্তার স্বার্থে সোমবার শ্রেণিকক্ষ ছেড়ে খোলা আকাশের নীচে বসল ক্লাস। মিড ডে মিল খাওয়ার ব্যবস্থাও করতে হয়েছে বাইরে। বিদ্যালয়ের ছাত্র অঙ্কিত বর্মন জানায়, এক মাস ধরে স্কুলে সাপ ঢুকছে। তাই আমরা বাইরে ক্লাস করছি। একই অভিযোগ ছাত্রী সরস্বতী দেবনাথের গলাতেও। অভিভাবকরাও স্বাভাবিকভাবেই আতঙ্কিত। অভিভাবক মেঘনাথ হরিজন বলেন, আমরা বাচ্চাদের স্কুলে পাঠানো নিয়ে ভয় পাচ্ছি। তবে শিক্ষকরা বাইরে ক্লাস করাচ্ছেন বলে কিছুটা নিশ্চিন্ত। কিন্তু বৃষ্টি হলে সমস্যা বাড়ে। বারান্দায় ঠাসাঠাসি করে বসতে হয়। 

Advertisement

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন দেবদাস বলেন, গত এক মাসে তিন-চারবার গোখরো সাপ শ্রেণিকক্ষে ঢুকে পড়েছে। এতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে আমরা জঙ্গল পরিষ্কার করেছি। ব্লিচিং পাউডার ও কার্বলিক অ্যাসিডও ব্যবহার করেছি। কিন্তু স্কুল চত্বরের একটি পুরনো ঘর থেকেই সাপ বের হচ্ছে বলে অনুমান করছি। বিষয়টি মৌখিকভাবে অবর বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষ্মীকান্ত রায়ও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাচ্চারা আতঙ্কিত। বাইরে ক্লাস নেওয়া ছাড়া উপায় নেই। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। এদিকে, মেখলিগঞ্জ দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বরুণ বিশ্বাস বলেন, বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে। তারা গিয়ে কোনও সাপ পায়নি। তবে সমস্যার স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ