Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পদত্যাগ করতে চেয়েছিলেন মেহরাজ

ঘরোয়া লিগে ধুঁকছে মহমেডান স্পোর্টিং। টানা ৪ ম্যাচে হারের পর বারুদের স্তুপে সাদা-কালো ব্রিগেড। বিক্ষোভের ভয়ে মাঠেই যান না শীর্ষ কর্তারা। কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।

পদত্যাগ করতে চেয়েছিলেন মেহরাজ
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে ধুঁকছে মহমেডান স্পোর্টিং। টানা ৪ ম্যাচে হারের পর বারুদের স্তুপে সাদা-কালো ব্রিগেড। বিক্ষোভের ভয়ে মাঠেই যান না শীর্ষ কর্তারা। কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। সূত্রের খবর, শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে রেনবোর বিরুদ্ধে হারের পর কার্যত ভেঙে পড়েছেন মেহরাজ। ড্রেসিং-রুমেই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন মহমেডান কোচ। কোনওরকমে বাবা-বাছা করে তাঁকে ধরে রাখা হয়। এরইমধ্যে সোমবার ডুরান্ড কাপে নামছে রেড রোডের পাশের ক্লাব। তাদের প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি। বিদেশি সমৃদ্ধ কিবু ভিকুনার দল কাগজে-কলমে বেশ শক্তিশালী। আগামী ৩১ জুলাই মোহন বাগানের বিরুদ্ধে খেলতে হবে মেহরাজ ব্রিগেডকে। কোনওরকমে মুখরক্ষাই টিম ম্যানেজমেন্টের লক্ষ্য। বেচারা মেহরাজ কী-ই বা করবেন?

Advertisement

গত মরশুম থেকেই আর্থিক সমস্যায় জেরবার মহমেডান স্পোর্টিং। লগ্নিকারী  সংস্থার সঙ্গে কাজিয়া তুঙ্গে। মাঝপথেই হাত তুলে নিয়েছেন ইনভেস্টররা। তার উপর ট্রান্সফার ব্যানের গেরোয় জর্জরিত দল। বকেয়া বেতন কর্তাদের অজানা ছিল না। তবু গা করেননি তাঁরা। গায়ের কাছে বিপদ আসতেই হুঁশ ফেরে। ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। নির্বাসন তুলতে অবিলম্বে ৫ কোটি টাকা প্রয়োজন। কে দেবেন টাকা? ছেঁড়া চাদরে মাথা ঢাকতে পা বেরিয়ে পড়ার জোগাড়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ