Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেহের আলির ক্যানভাস-তরমুজে মজে কাটোয়া

তরমুজই যেন এক আস্ত ক্যানভাস! নির্জন দুপুরে গাছের ছায়ায় রং-তুলির বদলে ছুরির ফলায় ফুটে ওঠে চার্লি চ্যাপলিন থেকে বাপ্পী লাহিড়ি।

মেহের আলির ক্যানভাস-তরমুজে মজে কাটোয়া
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: তরমুজই যেন এক আস্ত ক্যানভাস! নির্জন দুপুরে গাছের ছায়ায় রং-তুলির বদলে ছুরির ফলায় ফুটে ওঠে চার্লি চ্যাপলিন থেকে বাপ্পী লাহিড়ি। কখনও আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কপিল দেব। সবই নিখুঁতভাবে ফুটে ওঠে সবুজ তরমুজে। আইপিএল কাপ থেকে ব্যাট-বলের ছবি আঁকা তরমুজ দেদার বিক্রি হচ্ছে। গরমে এই ‘ছবি আঁকা’ তরমুজই ইউএসপি কাটোয়া শহরের শিল্পী মেহের আলি শেখের।

Advertisement

রাস্তার পাশে ভ্যান নিয়ে দাঁড়িয়ে আস্ত তরমুজের উপর নিজের শিল্পকলা ফুটিয়ে তোলেন মেহের আলি। আর ক্রেতারা সেই ছবি আঁকা তরমুজই ঘরে নিয়ে আসেন। তবে ছবি আঁকার জন্য তরমুজের কোনও বাড়তি দাম চান না তিনি। স্কুলের গণ্ডি না পেরোনো বিক্রেতা শুধুই তাঁর শিল্পীসত্ত্বাকে ছড়িয়ে দিতে চান সকলের মাঝে। এমন ‘ক্যানভাস তরমুজ’ নিয়ে এসে অনেকেই না খেয়ে ঘরে সাজিয়ে রাখেন।
কাটোয়া শহরের স্টেশন বাজার রোডে দুপুরবেলায় রোদের তেজ বাড়ার সঙ্গে তরমুজের চাহিদাও বাড়ে। এখানে প্রতিদিন পসরা সাজিয়ে বসেন এক তরমুজ বিক্রেতা। তাঁর নাম মেহের আলি শেখ। খদ্দের না থাকলেও তিনি বেজায় ব্যস্ত থাকেন সর্বদাই। একটি বড় মাপের তরমুজ কোলে তুলে নেন। তারপরে তরমুজের খোসার উপর ধারালো ছুরি দিয়ে ঘষে ছবি আঁকেন। এখন আইপিএলের মরশুম। তাই আইপিএল কাপ, ব্যাট-বল এসব ছবি তরমুজের উপরেই ফুটিয়ে তোলেন শিল্পী। শুধু তাই নয় চার্লি চ্যাপলিন থেকে কবিগুরু, সবাইকেই তরমুজের গায়ে ফুটিয়ে তোলেন তিনি। আর সেই ছবি আঁকা তরমুজ কিনতে ছুটে আসেন ক্রেতারা। অনেকে বলছেন, মেহের আলির তরমুজ মানেই বাড়তি পাওনা। তাঁর শিল্পকলা থাকে তরমুজের উপর। কাটোয়া শহরের বাসিন্দা অনির্বাণ সাহা, রূপসা মণ্ডল বলেন, আমরা ছবি আঁকা তরমুজ কিনে নিয়ে যাই। বাড়িতে ছেলেমেয়েদের দেখাই। এতে ওরাও খুব আনন্দ পায়। ফলের উপর যে এভাবে শিল্পকলা ফুটিয়ে তোলা যেতে পারে, তা না দেখলে বিশ্বাস হয় না।
কাটোয়ার কেশিয়া পাড়ার বাসিন্দা মেহের আলি শেখের স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ভরা সংসার। দীর্ঘ ৩০বছর ধরে তিনি হকারি করছেন। অভাব থাকায় তিনি কোনওদিন পুঁথিগতভাবে আঁকা শেখেননি। তবুও মেহের আলির হাতে যেন ম্যাজিক আছে। 
তরমুজের সবুজ খোসা আর ছুরি পেলে যেন কোনও বড় মাপের শিল্পী ভর করে মেহেরের উপর। একবারেই তরমুজের উপর নিখুঁতভাবে কেটে এঁকে ফেলেন কত কি! রাস্তার উপর ভ্যান লাগিয়ে মেহের আলি তরমুজ নিয়ে দাঁড়ান। তারপরেই ব্যস্ত হয়ে পড়েন ছবি আঁকায়।
মেহের আলি বলেন, যা মনে আসে তাই তরমুজের উপর আঁকি। আমার ছবির কেউ প্রশংসা করুক বা না করুক, তা নিয়ে আমার কোনও লাভ হবে না। তরমুজ বিক্রি হলে কিছু পয়সা উপার্জন করতে পারব। তরমুজের উপর ছবি আঁকলে অনেকেই আকৃষ্ট হন। তাছাড়া আমার আঁকার শখও মেটে। ছোট থেকে সেই সুযোগ পাইনি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ