নিউ ইয়র্ক: জয় দিয়ে ইউএস ওপেনে অভিযান শুরু হল নোভাক জকোভিচের। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন আমেরিকার অবাছাই খেলোয়াড় লার্নার টিয়েন। প্রত্যাশিতভাবে স্ট্রেট সেটেই জিতলেন সপ্তম বাছাই সার্বিয়ান তারকা। খেলার ফল ৬-১, ৭-৬ (৩), ৬-২। দ্বিতীয় রাউন্ডের টিকিট পাকা করলেও জোকারকে চিন্তায় রাখল ফিটনেস সমস্যা। কারণ লার্নারের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোটের জন্য শুশ্রুষাও নিতে হয় তাঁকে। উল্লেখ্য, চোট সমস্যায় গত মরশুম থেকেই জর্জরিত জকোভিচ। যার জেরে নাম তুলে নিতে হয়েছে বেশ কয়েকটি প্রতিযোগিতা থেকে।
ফ্লাশিং মিডোয় অবশ্য ম্যাচের শুরু থেকেই ছন্দে দেখা গিয়েছে জকোভিচকে। প্রথম সেট হেলায় দখল করেন। তবে চোটের কারণে দ্বিতীয় সেটে রীতিমতো বেগ পেতে হয় তাঁকে। মেডিক্যাল বিরতির পর কোর্টে ফিরে ফের স্বমহিমায় ধরা দেন সার্বিয়ান মহাতারকা। তৃতীয় সেটও সহজে ছিনিয়ে নেন তিনি। সেই সঙ্গে ইউএস ওপেনে ৮০তম জয় লেখা হয়ে গেল তাঁর নামের পাশে। জোকারই প্রথম খেলোয়াড় যিনি টানা ৭৫টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছেন। এর মধ্যে ৫৫টি ম্যাচ পকেটে পুরেছেন স্ট্রেট সেটে। ম্যাচ শেষে ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক বলেন, ‘নতুন কোচের খোঁজে রয়েছি। কথাবার্তা চলছে মনিকা সেলেসের সঙ্গে। তবে পূর্ণ সময়ের জন্য কোনও প্রশিক্ষক নিযুক্ত করতে চাই না। এমন একজনকে দরকার যে বিশেষ বিশেষ টুর্নামেন্টে আমার সঙ্গে কাজ করবে। নির্দিষ্ট কিছু টেকনিক্যাল বিষয়ে পরামর্শ দেবে। দেখা যাক কী হয়।’
পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডেই ঘটেছে নক্ষত্র পতন। অবাছাই খেলোয়াড়ের কাছে হেরে র্যাকেট ভাঙলেন ড্যানিয়ল মেডভেডেভ। ফ্রান্সের বেঞ্জামিন বনজির বিরুদ্ধে পাঁচ সেটের লড়াইয়ে বশ মানেন রুশ তারকা। খেলার ফল ৩-৬, ৫-৭, ৭-৬, ৬-০, ৪-৬। এই নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন মেডভেডেভ। চোখের জলে কোর্ট ছাড়লেন তিনি। পাশাপাশি র্যাকেট ভাঙা এবং চেয়ার আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ানোয় জরিমানা গুনতে হবে।