সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। শনিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে আটক করা হয়েছে নির্যাতিতার এক বন্ধুকে। তাঁকে জেরা করা চলছে।
বিষয়টি জানার পরে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) স্বতঃপ্রণোদিত হয়ে ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। আগামীকাল, রবিবার সকালের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করবে স্বাস্থ্য ভবন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী আদতে ওড়িশার বাসিন্দা। দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়েন। গতকাল, শুক্রবার রাতে এক পুরুষ বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ওই মেডিকেল ছাত্রী। সেসময় ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় নির্যাতিতাকে তাঁর বন্ধু উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মেডিকেল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে ঘিরে আজ, শনিবার সকালে বিজেপি এবং সিপিএম হাসপাতালে চত্বরে বিক্ষোভ দেখায়। যার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।