Bartaman Logo
২ জুন, ২০২৬

সুরযকুণ্ড মেলায় ‘রাইড’ ভেঙে মৃত্যু পদকপ্রাপ্ত পুলিস আধিকারিকের

মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল ‘সুনামি সুইং’। এটা-ওটা কেনাকাটার পাশাপাশি ঘূর্ণির রোমাঞ্চ চাক্ষুস করতে এই রাইডের সামনে ভিড় জমে গিয়েছিল।

সুরযকুণ্ড মেলায় ‘রাইড’ ভেঙে মৃত্যু পদকপ্রাপ্ত পুলিস আধিকারিকের
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০

নয়াদিল্লি: মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল ‘সুনামি সুইং’। এটা-ওটা কেনাকাটার পাশাপাশি ঘূর্ণির রোমাঞ্চ চাক্ষুস করতে এই রাইডের সামনে ভিড় জমে গিয়েছিল। তারমধ্যে হঠাৎই বিপত্তি! মাঝ আকাশে ভেঙে মাটিতে আছড়ে পড়ল নাগরদোলাটি। তাতে প্রাণ হারিয়েছেন কর্তব্যরত এক পুলিস ইন্সপেক্টর। মাস দুয়েকের মধ্যেই অবসর নেওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মেডেল পাওয়া এই পুলিশ কর্তার। জখম অন্তত ১৩ জন। ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের সুরযকুণ্ড মেলায়। এসংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সুনামি সুইংটি গোলগোল ঘুরছে। আশপাশে ভিড়। নীচে দাঁড়িয়েই অনেকে রোমাঞ্চকর রাইড ক্যামেরাবন্দি করছেন। এরমধ্যে হঠাৎই ঘূর্ণির একটি দিকের কাঠামো ভেঙে যায়। তারপরই সেটি মাটিতে আছড়ে পড়ে। তাতে মেলায় আগত মানুষজনের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরই মেলার মাঠ ফাঁকা করে দেয় পুলিশ। জেলাশাসক আয়ুষ সিনহার নেতৃত্বে উদ্ধার কাজ শুরু হয়। জখমদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার মৃত ইন্সপেক্টরের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি। পাশাপাশি, জখমদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি। হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ আধিকারিকের মৃত্যুতে শোক জানিয়েছেন ডিজিপি অজয় সিংহল। তিনি হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে কথাও বলেন। পুলিশ সূত্রে খবর, মৃত ইন্সপেক্টরের নাম জগদীশ প্রসাদ (৫৭)। দু’মাসের মধ্যে তাঁর অবসর গ্রহণের কথা ছিল। মূলত মথুরার বাসিন্দা ওই আধিকারিককে গত নভেম্বরেই সোনিপত থেকে পালওয়ালে বদলি করা হয়েছিল। জানা গিয়েছে, ঘূর্ণিটি প্রথমে আংশিক ভেঙে পড়েছিল। সেখানেই ডিউটি করছিলেন জগদীশ। উদ্ধারে যান তিনি। মুহূর্তের মধ্যে গোটা কাঠামোই ভেঙে পড়ে। তাতে মাথায় ও মুখে গুরুতর জখম হন পুলিশ ইন্সপেক্টর। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সহকর্মীরা বলছিলেন, বরাবর কর্তব্যে অবিচল ছিলেন জগদীশ। ৩১ মার্চ অবসরের কথা থাকলেও কাজে কোনও ঘাটতি ছিল না। ছবি: পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ