Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মদ্যপ অবস্থায় পুলকার চালালে বাতিল হবে লাইসেন্স: পুলিস

মদ্যপ অবস্থায় পুলকার চালালে বাতিল হবে লাইসেন্স: পুলিস
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: মদ্যপ অবস্থায় পুলকার চালালে চালকের লাইসেন্স বাতিল করা হবে। শনিবার বিকেলে বিষ্ণুপুর থানায় চালকদের ডেকে এমনই হুঁশিয়ারি দিলেন পুলিস আধিকারিকরা। গত বুধবার বিষ্ণুপুরে পুলকার ও চারচাকা গাড়ির সংঘর্ষে বেসরকারি স্কুলের এক প্রিন্সিপালের মৃত্যু ও ছয় পড়ুয়া জখম হয়। তারপর এদিন চালক ও বিভিন্ন বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে বৈঠকে ডাকা হয়। সেখানে প্রতিটি পুলকারের চালককে ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় তথ্য থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 
Advertisement
সেই সঙ্গে পড়ুয়া বহনে মোটর ভ্যান চালানো নিষিদ্ধ করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা অতিরিক্ত পুলিস সুপার মকসুদ হাসান, বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস, বিষ্ণুপুর থানার আইসি অতনু সাঁতরা প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুলের প্রতিনিধি ও পুলকারের চালকরা উপস্থিত ছিলেন। 
অতিরিক্ত পুলিস সুপার বলেন, কয়েকদিন আগে পুলকার দুর্ঘটনার পর চালক ও স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করতে এদিন বৈঠক হয়। বৈঠকে পুলকার চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে। তা না মানলে সংশিষ্ট গাড়ি চালক, মালিক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। 
এসডিপিও বলেন, সমন্বয়ের জন্য চালক ও স্কুলের প্রতিনিধি এবং ট্রাফিক পুলিসের আধিকারিকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। ট্রাফিক পুলিসকে স্কুলে গিয়ে নির্দিষ্ট সময় অন্তর পুলকারের স্বাস্থ্য পরীক্ষা করতে বলা হয়েছে। সেই সঙ্গে মাঝে মধ্যেই সারপ্রাইজ ভিজিট করতে নির্দেশ দেওয়া হয়েছে। 
থানার আইসি বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে সেই চালকের লাইসেন্স বাতিল করা হবে। যেসব স্কুলে বেআইনি মোটরভ্যানে করে পড়ুয়া নিয়ে যাওয়া হয় তাদের অবিলম্বে তা বন্ধ করতে বলা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ