নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এদিন ৯ রাত পর্যন্ত টানা তল্লাশি চলেছে। ওই ব্যবসায়ীর বাড়ি মেদিনীপুর শহরের সদরঘাট এলাকায়। তাঁদের পারিবারিক ব্যবসা রয়েছে। একইসঙ্গে তাঁদের খড়্গপুরের একটি কারখানায় ইনকাম ট্যাক্সের আধিকারিকরা হানা দেয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আচমকা ইনকাম ট্যাক্স দপ্তরের চারটি গাড়ি ঢোকে ব্যবসায়ীর সদরঘাটের বাড়িতে। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ব্যবসা সংক্রান্ত নথি খতিয়ে দেখেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। একইসঙ্গে ব্যবসা সংক্রান্ত নানা নথি নিয়ে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ব্যবসায়ীর বাড়ি তৈরির সামগ্রীর কারবার রয়েছে। এছাড়াও এই ব্যবসায়ী রেলের বিভিন্ন কাজও করেন।



