সিডনি: অ্যাসেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের আগে প্রবল চাপে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতলেও স্টোকসদের খেলায় খুশি নন ইংরেজ ক্রিকেটপ্রেমীরা। কারণ, পর পর তিনটি ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছিল ইংল্যান্ড। তার উপর মদ্যপান বিতর্কে জড়িয়ে পড়া স্টোকস বাহিনীকে কিছুটা অক্সিজেন জুগিয়েছে মেলবোর্নে সান্ত্বনা জয়। তবে সিডনিতে জিততে না পারলে আবার সমালোচনা তীব্র হবে। এমনকী, কোচ বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসলে অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের ভরাডুবির জন্য অনেকেই বাজবল ক্রিকেটকে দায়ী করেছেন। আক্রমণাত্মক ক্রিকেটের এই নতুন সংজ্ঞার জনক ব্রেন্ডন ম্যাকালাম। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা প্রাক্তন কিউয়ি তারকার কাজে খুশি নন। তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি উঠেছে। কেউ কেউ তো রবি শাস্ত্রীকে কোচ করার প্রস্তাবও দিয়েছেন।



