জার্মানি-০ : ফ্রান্স-২
(এমবাপে, ওলসে)
জার্মানি-০ : ফ্রান্স-২
(এমবাপে, ওলসে)
স্টুটগার্ট: ঘরের মাঠে খেতাবের স্বপ্ন আগেই চূর্ণ হয়েছিল জার্মানির। এবার তৃতীয় স্থান অর্জনের ম্যাচেও হতাশা নিয়েই মাঠ ছাড়লেন ফুলক্রুগ-রিৎজরা। রবিবার স্টুটগার্টে ফ্রান্সের কাছে ০-২ ব্যবধানে বশ মানল জুলিয়ান নাগেলস্যানের দল। অর্থাত্, নেশনস লিগে তৃতীয় স্থান অর্জন করল ফ্রান্স। তাদের হয়ে জাল কাঁপিয়েছেন কিলিয়ান এমবাপে ও ওলসে।
রবিবার স্টুটগার্ট এরিনায় ম্যাচের শুরুতে অবশ্য জার্মানিরই আধিপত্য ছিল। প্রথম ১৫ মিনিটে লিড নেওয়ার একাধিক সুযোগ হাতছাড়া করেন আদেইমিরা। তবে সময় যত গড়াতে থাকে ম্যাচে ফিরতে থাকে ফরাসি দল। আর প্রথমার্ধের শেষ মিনিটে কাঙ্ক্ষিত লিডও পেয়ে যায় দিদিয়ের দেশঁ-ব্রিগেড। চৌমেনির ক্রস থেকে ডান পায়ের শটে জাল কাঁপান এমবাপে (১-০)। দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় জার্মানি। কিন্তু রিৎজদের বেশিরভাগ আক্রমণ ফ্রান্সের বক্সের আগেই খেই হারিয়ে ফেলছিল। উল্টে ৮৪ মিনিটে এমবাপের পাস থেকে গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করে দেন ওলসে (২-০)। বাকি সময়ে স্কোরলাইনের কোনও পরিবর্তন ঘটেনি। ফলে হাসি মুখেই মাঠ ছাড়েন এমবাপেরা।