Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরোহিত-ইমামদের মতো ভাতার দাবি মতুয়াদের

পুরোহিত ও ইমামদের মতো এবার ‘ভাতা’ দাবি করলেন মতুয়ারা। মতুয়াদের দাবি, সরকার গঠনে অন্যতম ভূমিকা পালন করলেও, তাঁদের কল্যাণে সেভাবে কাজ হয়নি।

পুরোহিত-ইমামদের মতো ভাতার দাবি মতুয়াদের
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: পুরোহিত ও ইমামদের মতো এবার ‘ভাতা’ দাবি করলেন মতুয়ারা। মতুয়াদের দাবি, সরকার গঠনে অন্যতম ভূমিকা পালন করলেও, তাঁদের কল্যাণে সেভাবে কাজ হয়নি। বৃহস্পতিবার মমতা ঠাকুরপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোঁসাই পরিষদ গঠন হয়। এই পরিষদের পক্ষ থেকে এদিন সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয়, মতুয়াদের ব্যবহার করে অনেকে সাংসদ- মন্ত্রী হয়েছেন। কিন্তু সাধারণ মতুয়াদের প্রকৃত অর্থে কোন কল্যাণ হয়নি। একইসঙ্গে তাঁরা দাবি করেন, ইমাম ভাতা, পুরোহিত ভাতা দেওয়া হলে মতুয়া গোসাইদেরও ভাতা দিতে হবে। আগামী নির্বাচনের আগে এই ভাতা দাবি করেছেন তাঁরা। পাশাপাশি প্রায় দু’বছর ধরে বন্ধ থাকা মতুয়া উন্নয়ন পরিষদ দ্রুত চালুর দাবি জানিয়েছেন সাধু গোঁসাইরা। দাবি না মানা হলে, রাস্তায় নেমে আন্দোলনের কথাও জানিয়েছেন তাঁরা। এবিষয়ে মমতা ঠাকুরপন্থী অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, মতুয়ারা গত তিন দশক ধরে রাজ্য সরকার গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছেন। তাঁদের কয়েকজন সাংসদ ও মন্ত্রী হলেও, সাধারণ মতুয়াদের স্বার্থে উন্নয়ন হয়নি। পুরোহিত, ইমামরা যদি ভাতা পান, তাহলে সাধু গোঁসাইদেরও ভাতা দিতে হবে। মতুয়া গোসাই পরিষদের সম্পাদক রঞ্জিত বাইন বলেন, মতুয়াদের সমর্থন নিয়ে বাংলায় ক্ষমতায় আছে সরকার। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো তিনি মতুয়াদের জন্য অনেক করেছেন। এবার ভাতা চালু করুন। 

Advertisement

ভাতা প্রসঙ্গে সাধু গোসাইদের পাশেই দাঁড়িয়েছেন অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। তিনি বলেন, মতুয়া উন্নয়ন পরিষদ প্রায় দু বছর বন্ধ থাকায় সামগ্রিক উন্নয়ন থমকে আছে। ওরা দিদির কাছে পুজোর উপহার আবদার করেছে। দিদি বিষয়টি বিবেচনা করলে আমরা খুশি হব। অন্যদিকে শান্তনু ঠাকুরপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি তপন কিরণ মজুমদার বলেন, মতুয়া মহাসংঘ মতুয়াদের জন্য যেটা করেছে সেটা ভাতার থেকে অনেক বড়। সিএএতে আবেদন করে অনেক মতুয়া নাগরিকত্ব পাচ্ছেন। আমরা এখন ভাতার অপেক্ষায় নেই।

সম্পর্কিত সংবাদ