পাটনা: ভোটার তালিকায় স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে তোলপাড় গোটা দেশ। ভোটাধিকার, নাগরিকত্ব সহ নানা ইস্যুতে আতঙ্কে আমজনতা। এবার সেই আতঙ্ক ঢুকে পড়েছে মতুয়াদের অন্দরেও। এই পরিস্থিতিতে গত ৩০ আগস্ট বিহারের সারন জেলার একমায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দ্বারস্থ হলেন মতুয়ারা। সঙ্গে ছিলেন বিজেপির এক নেতাও। সেখানে তাঁদের স্লোগান - ‘রাহুল দাদা কাম টু বেঙ্গল। এসআইআরে বিপদ, কংগ্রেসে নিরাপদ।’ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাহুলের সঙ্গে মতুয়া প্রতিনিধি দলের সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের কথায়, ঠাকুরবাড়ির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই কি মতুয়া-রাজনীতির সমীকরণ বদলাচ্ছে। বঙ্গ রাজনীতিতে মতুয়ারা বরাবর ফ্যাক্টর। তৃণমূলকে বিপাকে ফেলতে ও মতুয়াদের খুশি করতে ইতিমধ্যেই শান্তনু ঠাকুরকে পদ দিয়েছে বিজেপি। কিন্তু তাতে চিঁড়ে ভিজছে না। ফলে অশনি সংকেত দেখছে বিজেপি।



