Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মতুয়া-রোষে বিজেপি! বিক্ষোভের ভয় , শুনানি পর্বে নেই নেতারা

শুনানি পর্বে ময়দান থেকে উধাও বিজেপি। মতুয়াদের পাশে নেই তারা। এসআইআর পর্ব চালু হওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ওপার বাংলা থেকে আসা লোকজন।

মতুয়া-রোষে বিজেপি! বিক্ষোভের ভয় , শুনানি পর্বে নেই নেতারা
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুখেন্দু পাল, বর্ধমান: শুনানি পর্বে ময়দান থেকে উধাও বিজেপি। মতুয়াদের পাশে নেই তারা। এসআইআর পর্ব চালু হওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ওপার বাংলা থেকে আসা লোকজন। অথচ একসময় তাঁদের অনেকেই বিজেপির পাশে ছিলেন। লোকসভা হোক বা বিধানসভা, সব নির্বাচনে জামালপুর, মেমারি, কালনার মতো বিভিন্ন এলাকার বহু বুথে বিজেপি এগিয়ে ছিল। এখন তাঁরাই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। সেই ভয়েই তাদের শুনানি কেন্দ্রে দেখা যাচ্ছে না বলে অনেকেই মনে করছেন। যদিও তৃণমূল প্রতিটি ব্লকেই ক্যাম্প করে তাঁদের পাশে রয়েছে। কীভাবে ভোটার তালিকায় নাম রাখা যাবে, তারা সেই পরামর্শ দিচ্ছে। এছাড়া, সরকারি অফিস থেকে নথি পেতেও তাঁদের সহযোগিতা করছে। রাজনৈতিক মহলের মতে, এসআইআর বিজেপির কাছে ব্যুমেরাং হয়ে গিয়েছে। সেটা তাদের নেতারা দেরিতে হলেও বুঝেছেন।

Advertisement

কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে জেলার ২৭টি কেন্দ্রে শুনানি চলছে। জামালপুর, মেমারি, পূর্বস্থলী, কালনা, কাটোয়া এবং আউশগ্রামের মতো বিধানসভা কেন্দ্রগুলিতে মতুয়া ভোটার বেশি রয়েছে। এই ব্লকগুলিতে তৃণমূল নেতারা ক্যাম্প করে রয়েছেন। রবিবার ছুটির দিনেও তাঁরা ক্যাম্পে ছিলেন। এদিনও অনেকেই এখানে এসে সহযোগিতা চেয়েছেন। বর্ধমানের কার্জনগেটে তৃণমূলের ক্যাম্পে এসেছিলেন সুরেন্দ্র সরকার। তিনি বলেন, নোটিশ পাওয়ার পর দিশেহারা হয়ে গিয়েছিলাম। কোথায় যাব, কী করব, কিছুই বুঝতে পারছিলাম না। তৃণমূলের ক্যাম্পে এসে বেশকিছু পরামর্শ পেলাম। বিজেপি কোনও কিছুতেই সহযোগিতা করছে না। এই সময় ওদের পাশে থাকা দরকার ছিল। জামালপুরের জৌগ্রাম এলাকার বাসিন্দা সৌরভ দাস বলেন, বিজেপি তো মতুয়াদেরই রোহিঙ্গা বানিয়ে দিয়েছে। বারবার বলছে, যাঁদের কাছে নথি নেই, তাঁদের বাংলাদেশে যেতে হবে। আমাদের অনেকের নথি নেই। বাধ্য হয়ে এদেশে এসেছিলাম। চার-পাঁচটি নির্বাচনে ভোট দিয়েছি। এখন ওদের কাছে রোহিঙ্গা হয়ে গেলাম।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, নাগরিকত্বের টোপ দিয়ে তারা মতুয়াদের কাছে টানার চেষ্টা করেছিল। কিন্তু সেই তাস কাজে লাগেনি। বিজেপির আশ্বাসে অনেকেই ভরসা করেননি। কিন্তু তৃণমূল এই সুযোগকে কাজে লাগিয়েছে। যেসব এলাকায় লোকসভা নির্বাচনে তারা পিছিয়ে ছিল, সেখানে গিয়েও এলাকার বাসিন্দাদের পাশে থেকেছে। শুনানি পর্বে পাশে থেকে তারা মতুয়াদের মন জয় করতে পেরেছে। বর্ধমান শহরের তৃণমূলের সভাপতি তন্ময় সিংহরায় বলেন, বিজেপির উদ্দেশ্যই ছিল মতুয়াদের বিপাকে ফেলা। সেটা প্রমাণ হয়ে গিয়েছে। আমরা এসআইআর পর্বের প্রথমদিন থেকেই জেলার বাসিন্দাদের পাশে রয়েছি। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলন করা হবে। বিজেপি নেতা রাজু পাত্র বলেন, পাশে কারা রয়েছে, সেটা ওঁরা ভালোই জানেন। নাগরিকত্ব দেওয়ার জন্য আমরাই আন্দোলন করেছি। তৃণমূল উস্কানি দিয়ে পরিস্থিতি জটিল করছে।  প্রতীকী চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ