নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মেদহীন চেহারা। উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট। সেনা জওয়ানের মতো চুল ছাঁটা। পরনে বাহিনীর পোশাক। মাটিগাড়ায় এহেন এক যুবকের মোবাইল ফোন ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দারা। তাদের সন্দেহ, ‘চিকেন নেকের’ তথ্য হাতাতে ওই যুবককে এখানে ‘নিয়োগ’ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এদিকে, ‘চিকেন নেক’ ঘিরে উদ্বেগের কিছু নেই বলে বৃহস্পতিবার জানান এসএসবির ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিঙ্ঘাল। তিনি জানান, এখানকার সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার বর্ষশেষের রাতে শিলিগুড়ি শহর সংলগ্ন সিটি সেন্টার চত্বর থেকে ওই যুবককে আটক করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারা তাকে মাটিগাড়া থানার হাতে তুলে দেয়। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ভবেশ ঘাতানি। দার্জিলিংয়ের নয়াবস্তিতে বাড়ি। দু’বছর ধরে শিবমন্দিরে বাড়িভাড়া নিয়ে থাকছিল। তার মোবাইল ফোনে বেশকিছু সন্দেহজনক নম্বর মিলেছে। সেগুলি বাংলাদেশ ও পাকিস্তানের। সেই নম্বরগুলি থেকে তাকে কলও করা হয়েছিল।
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া, বাগডোগরা সহ বিভিন্ন এলাকায় বাহিনীর অফিসার পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে এক যুবক। মেদহীন চেহারার ওই যুবকের গায়ে সবসময় সেনা বাহিনীর পোশাক থাকছে। বেশকিছু দিন ধরে এমন সন্দেহভাজন যুবককে খোঁজা হচ্ছিল। বুধবার রাতে একটি শপিং মল থেকে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। সেনার পোশাক অবৈধভাবে ব্যবহার করার অভিযোগে রাতেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। গোয়েন্দাদের বক্তব্য, সম্ভবত অভিযুক্তকে চরবৃত্তি করার উদ্দেশ্যে এখানে ‘নিয়োগ’ করেছিল আইএসআই।
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালত ধৃতের জামিন মঞ্জুর করেছে। পুলিশ সূত্রে খবর, দু’বছর আগে উত্তরবঙ্গ বিশ্বাবিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয় সে।
পড়াশোনা শেষ হওয়ার পরও সে এখানে থেকে যায়। সে বাগডোগরার কোনও দোকান থেকে সেনা বাহিনীর পোশাক কিনেছে। বাহিনীকে ভালোবাসে সে এরকম পোশাক পরত বলে জেরায় সে পুলিশকে জানিয়েছে। গোয়েন্দাদের রিপোর্ট পাওয়ার পর সন্দেহভাজন যুবকের বক্তব্য অবশ্য মানতে নারাজ পুলিশ। জামিনে মুক্ত পাওয়া ওই যুবককে পুলিশ দফায় দফায় জেরা করছে। তার বক্তব্যের সত্যতা যাচাই করছেন আধিকারিকরা।
শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই যুবকের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। তাই বিষয়টি নিয়ে এখনও কিছু বলা সম্ভব নয়। • ধৃত ভবেশ ঘাতানি। ফাইল ছবি