নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে গড়াপেটার কিনারা করতে কলকাতা পুলিসের শরণাপন্ন আইএফএ। বুধবার শৃঙ্খলারক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, চলতি মরশুমে খিদিরপুর এফসি-মেসারার্সের ম্যাচ গড়াপেটা হওয়ার অভিযোগ জমা পড়ে আইএফএ অফিসে। অভিযোগের তির ছিল মেসারার্স ক্লাবের ফুটবলার মুসলিম মোল্লা ও সান্নিক মুর্মু, সহকারী কোচ রাজীব দে এবং খিদিরপুরের ফুটবলার অভীক গুহর বিরুদ্ধে। পুলিসি রিপোর্ট না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফুটবলারদের নির্বাসন বহাল থাকবে বলে জানিয়েছে আইএফএ। দুই ক্লাবের কাছে অভিযোগের কারণ জানতে চেয়েছে রাজ্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।



