Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ককরোচ-বামপন্থী পড়ুয়াদের প্রতিবাদ মিছিল আর উলটোরথে তুমুল যানজট

নিটের প্রশ্ন ফাঁস, দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দুপুরে কলকাতায় বামপন্থী সংগঠন এবং ককরোচ জনতা পার্টির প্রতিবাদ মিছিলের জন্য দিনভর যানজটে নাকাল হল মহানগরী।

ককরোচ-বামপন্থী পড়ুয়াদের প্রতিবাদ মিছিল আর উলটোরথে তুমুল যানজট
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিটের প্রশ্ন ফাঁস, দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দুপুরে কলকাতায় বামপন্থী সংগঠন এবং ককরোচ জনতা পার্টির  প্রতিবাদ মিছিলের জন্য দিনভর যানজটে নাকাল হল মহানগরী। এদিন গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলায় কংগ্রেসের প্রতিবাদ মিছিল আর  উলটোরথ। 

Advertisement

দুপুর ১২টার আগে থেকেই শিয়ালদহ স্টেশনের সামনে ছাত্র-যুবদের জমায়েত শুরু হয়। এই জমায়েতের জেরে বেলেঘাটা মেন রোড, শিয়ালদহ, বিদ্যাপতি সেতুতে যানজট শুরু হয়। বেলা গড়াতেই এই প্রতিবাদ মিছিল এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার দিকে অগ্রসর হতে শুরু করে। ফলে এ পি সি রোড, মৌলালি, এ জে সি বোস রোডে, এস এন ব্যানার্জি রোড, সংলগ্ন রফি আহমেদ কিদোয়াই রোড, লেনিন সরণি, ধর্মতলাতে বাস, ট্যাক্সি, প্রাইভেট গাড়ির চাকা থমকে যায়। 
ফলে সপ্তাহের কার্যত শেষ কাজের দিন শুক্রবার কলকাতার নিত্যযাত্রীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে জরুরি কাজে কলকাতায় আসা মানুষজন ভোগান্তিতে পড়েন। প্রতিবাদী ছাত্র-যুবদের মিছিল ধর্মতলায় পৌঁছাতেই ডোরিনা ক্রসিং আটকে আবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা। ফলে ধর্মতলা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে জহরলাল নেহরু রোড, মেট্রো চ্যানেল, চিত্তরঞ্জন অ্যাভেনিউের মতো গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যায়।
কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, এদিন এই অবস্থানের ফলে কমপক্ষে দু-আড়াই ঘণ্টা ডোরিনা বন্ধ ছিল। পার্ক স্ট্রিট ফ্লাইওভার, এ জে সি বোস ফ্লাইওভার প্রভৃতি যানজটের কবলে চলে যায়। এই প্রতিবাদ মিছিলের জন্য এদিন সবচেয়ে সমস্যায় পড়েন হাওড়া, শিয়ালদহ স্টেশনের পাশাপাশি ধর্মতলা বাস টার্মিনাসে বাস ধরতে আসা দূরপাল্লার যাত্রীরা। ডোরিনা, আর আর অ্যাভেনিউ অবরুদ্ধ হতেই ধর্মতলা বাস টার্মিনাস থেকে বাস ঘুরপথে চলাচল শুরু করে। ফলে বাসের খোঁজে ধর্মতলার এ-প্রান্ত থেকে ও-প্রান্তে লাগেজ হাতে ছোটাছুটি করতে দেখা গিয়েছে যাত্রীদের। - নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ