Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

তামিলনাড়ুর তিরুভাল্লুরের কাছে মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিপর্যস্ত রেল পরিষেবা

চলন্ত মালগাড়িতে অগ্নিকাণ্ড! আর সেই অগ্নিকাণ্ডের জেরেই বিপর্যস্ত তামিলনাড়ুর রেল পরিষেবা।

তামিলনাড়ুর তিরুভাল্লুরের কাছে মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিপর্যস্ত রেল পরিষেবা
  • ১৩ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

চেন্নাই, ১৩ জুলাই: চলন্ত মালগাড়িতে অগ্নিকাণ্ড! আর সেই অগ্নিকাণ্ডের জেরেই বিপর্যস্ত তামিলনাড়ুর রেল পরিষেবা। আজ, রবিবার কাকভোরে তামিলনাড়ুর তিরুভাল্লুরের কাছেই আচমকা আগুন লেগে যায় একটি মালগাড়িতে। জানা গিয়েছে, ওই মালগাড়িতে ডিজেল ভর্তি একাধিক ট্যাঙ্কার ছিল। কোনওভাবে একটি ট্যাঙ্কারে আগুন লেগে যায়। তারপরেই প্রায় ওই মালগাড়ির পাঁচ-ছয়টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে মালগাড়ির বগিগুলি। সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, রেল পুলিস ও নিকটবর্তী থানার পুলিস আধিকারিকরা। পরিস্থিতির কথা মাথাতে রেখে ওই রেললাইনের ওভারহেডের তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যার ফলে থমকে যায় রেল পরিষেবা।

Advertisement

একটি ডিজেল ভর্তি ট্যাঙ্কার থেকে আগুন পরের ট্যাঙ্কার গুলিতে ছড়িয়ে পড়তে থাকে। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আগুন নেভাতে গিয়ে হিমশিম খাচ্ছে দমকল। ঘটনাস্থলে পাঠানো হয়েছে এনডিআরএফকে। রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন। চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। সূত্রের খবর, ওই মালগাড়ির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। যার ফলে আগুন লেগে যায়। সেখান থেকেই ডিজেল ভর্তি ট্যাঙ্কারগুলিতে আগুন ছড়িয়ে পড়েছে। যদিও রেলের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পরিস্থিতির কথা মাথায় রেখে হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ