এনএলএসআইইউ-এর সমাবর্তন: বিলম্বের জন্য ‘বহিরাগত শক্তি’কে দুষলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: অনুষ্ঠান হওয়ার কথা ছিল ১২ সেপ্টেম্বর। কিন্তু ‘অনিবার্য পরিস্থিতি’তে তা বাতিল করতে হয়। কারণ, প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বার কাউন্সিল অব ইন্ডিয়ার (বিসিআই) চেয়ারম্যান মনন কুমার মিশ্রের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছিলেন পড়ুয়া ও প্রাক্তনীদের একটা অংশ। সেই ডামাডোল কাটিয়ে প্রায় পাঁচ সপ্তাহ বিলম্বে অনুষ্ঠিত হল ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটির (এনএলএসআইইউ) সমাবর্তন। প্রাথমিক অনশ্চিয়তা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিতও রইলেন প্রধান বিচারপতি। তাঁর দাবি, কিছু ‘বহিরাগত শক্তি’র কারণে ‘অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক’ পরিস্থিতিতে ৩৪তম সমাবর্তন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। একটা সময় মনে হয়েছিল আশানুরূপভাবে অনুষ্ঠানটি করাই যাবে না। ঘটনাচক্রে, প্রধান বিচারপতির ‘আরশোলা’ মন্তব্যের রেশ ধরেই দেশজুড়ে জেন জি আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। সেই আবহেই এর আগে প্রধান বিচারপতির উপস্থিতির ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেও। একইভাবে বেঙ্গালুরুতে এনএলএসআইইউ-এর সমাবর্তন পিছিয়ে যায়। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েই এদিন অনিশ্চয়তার জন্য এবার ‘বহিরাগত শক্তি’কে দুষলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। এদিনের অনুষ্ঠানে নব্য আইনি স্নাতকদের উদ্দেশে প্রধান বিচারপতি একঝাঁক পরামর্শ দেন। 

Advertisement