Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে তৃণমূলের যুব সভাপতির বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উত্তেজনা

বৃহস্পতিবার মাঝরাতে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বারুইপুরের রামনগর ২ নম্বর পঞ্চায়েতের লালপোল এলাকা।

বারুইপুরে তৃণমূলের যুব সভাপতির বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উত্তেজনা
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বৃহস্পতিবার মাঝরাতে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বারুইপুরের রামনগর ২ নম্বর পঞ্চায়েতের লালপোল এলাকা। তৃণমূল নেতার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রহস্য তৈরি হয়েছে। বিস্ফোরণের তীব্রটা এতটাই ছিল যে, একতলা বাড়ির দু’টি ঘরের দেওয়াল পুরোপুরি ভেঙে পড়েছে। উড়ে গিয়েছে ছাদ। একটি কলামও ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। ওই বাড়ির একটি দরজা বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। লাগোয়া একটি ঘরের টিন, অ্যাজবেস্টজের ছাউনি উড়ে গিয়েছে। জানা গিয়েছে, এই বাড়িটি তৃণমূলের যুব সভাপতি দ্বিজেন মণ্ডলের। রাজ্যে পালাবদলের পর থেকে তিনি এলাকাছাড়া। ওই ঘর বন্ধ অবস্থায় ছিল। কী কারণে বিস্ফোরণ, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। পুলিশের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে এই বিপত্তি ঘটেছে। যদিও এলাকার মানুষ ও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ঘরের ভিতরে নিশ্চয়ই বোমা মজুত ছিল। সেগুলি ফেটেই এই ঘটনা।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। অনেকেই ভেবেছিলেন বাজ পড়েছে। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে পড়েন তাঁরা। এসে দেখেন তৃণমূল নেতার বাড়ি জ্বলছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাড়ির সামনে রাস্তার উপর থাকা কয়েকটি গাছ পুড়ে যায়। দ্বিজেনবাবুর একতলায় রান্নাঘরের জানালা, দরজা ভেঙে গিয়েছে। দোতলার ঘরের জানালা ভাঙা, দেওয়ালেও ফাটল ধরেছে। শুক্রবার সকালে পুলিশ বাড়িটি ঘিরে দিয়েছে। অকুস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে স্টোভের অংশ, লোহার যন্ত্রাংশ। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (জোনাল) অতীশ বিশ্বাস বিস্ফোরণস্থল পরিদর্শনের পর বলেন, ফরেন্সিক পরীক্ষার পর আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে অনুমান, বাড়িতে রাখা গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। রাতে দমকল এসেছিল। আমরা তাদের সঙ্গেও কথা বলেছি। তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি অন্য। ওই এলাকার বাসিন্দা আশিস হালদার বলেন, মনে হয় ওই বাড়িতে আগে থেকে প্রচুর বিস্ফোরক মজুত ছিল। তা থেকেই এই ঘটনা। গ্যাস সিলিন্ডার ফাটলে তার তীব্রতা এতটা সাধারণত হয় না। গৃহবধূ রাখী সরদার বলেন, এই ঘটনায় আমরা আতঙ্কিত। পুলিশ তদন্ত করে কারণ খুঁজে বের করুক। বিজেপির বারুইপুর পূর্বের ২ নম্বর মণ্ডলের সভাপতি দীপঙ্কর কর্মকারের দাবি, বাড়িটি সিল করা ছিল। কীভাবে এত বড়ো বিস্ফোরণ হল, তা পুলিশের খতিয়ে দেখা দরকার। ফাঁকা বাড়িতে কী করে বিস্ফোরণ হল, পুলিশ নিরপেক্ষভাবে তা তদন্ত করে বের করুক।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ